'ভারতে ক্রমবর্ধমান অসহিষ্ণুতায় মুসলিমদের ওপর খারাপ প্রভাব পড়েছে'
-
ডা. ফারুক আব্দুল্লাহ এমপি
ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের সবেক মুখ্যমন্ত্রী ও ন্যাশনাল কনফারেন্সের প্রধান ডা. ফারুক আব্দুল্লাহ এমপি বলেছেন, দেশে বেড়ে চলা অসহিষ্ণুতার ফলে ধর্মীয় সংখ্যালঘু বিশেষভাবে মুসলিমদের ওপর খুব খারাপ প্রভাব পড়ছে। গতকাল (রোববার) রাজ্যটিতে পৃথক দুটি সভায় ভাষণ দেয়ার সময় তিনি ওই মন্তব্য করেছেন।
বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের সমালোচনা করে তিনি বলেন, ‘কেন্দ্রীয় সরকার ভারতের ধর্মনিরপেক্ষ ও উদার ভাবমূর্ত নির্মূল করার জন্য দৃঢ়প্রতিজ্ঞ হয়েছে। দেশবাসী সম্প্রতি শেষ হওয়া বিধানসভা নির্বাচনে বিজেপিকে ক্ষমতা থেকে বের করে দিয়ে তাঁদের সঠিক জায়গা দেখিয়ে দিয়েছে।’
গত ডিসেম্বরে পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচন হলেও কোনো রাজ্যেই বিজেপি জয়ী হতে পারেনি। অধিকন্তু ওই পাঁচ রাজ্যের মধ্যে তাঁদের হাতে থাকা মধ্য প্রদেশ, রাজস্থান ও ছত্তিসগড় হাতছাড়া হয়েছে। মধ্য প্রদেশ ও ছত্তিসগড়ে বিজেপি পনেরো বছর ধরে ক্ষমতায় থাকলেও সদ্য সমাপ্ত নির্বাচনে জনগণ তাঁদেরকে প্রত্যাখ্যান করেছে। অন্যদিকে, রাজস্থানে বিজেপি পাঁচ বছর ধরে ক্ষমতায় থাকলেও এবার তারা রাজ্যটিতে পরাজিত হয়েছে।
ফারুক আব্দুল্লাহ বলেন, আমাদেরকে ইসলামের প্রেম, সততা ও দয়ার শিক্ষাকে এগিয়ে নিয়ে যেতে হবে। কিছু শক্তি ইসলামের নামে সহিংসতা ছড়িয়ে ইসলামের বদনাম করছে এবং এদেরকে ব্যর্থ করতে হবে।
এরআগে গত (শনিবার) ডা. ফারুক আব্দুল্লাহ বলেছিলেন, তার দল আগামী বিধানসভা নির্বাচনে যদি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসে তাহলে একটি কমিশন গঠন করে জম্মু-কাশ্মিরে বিভিন্ন হত্যার ঘটনার তদন্ত করা হবে।
কাশ্মির ইস্যুকে 'একটি রাজনৈতিক সংকট' হিসেবে উল্লেখ করে এই সমস্যা সমাধানে রাজ্যের অভ্যন্তরে এবং পাকিস্তানের সঙ্গে সংলাপের ওপর গুরুত্ব আরোপ করেন ডা. ফারুক আব্দুল্লাহ এমপি।#
পার্সটুডে/এমএএইচ/এআর/১৪
খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন