জম্মু-কাশ্মিরে পাকিস্তানি বাহিনীর গুলিতে বিএসএফ কর্মকর্তা নিহত
https://parstoday.ir/bn/news/india-i67365-জম্মু_কাশ্মিরে_পাকিস্তানি_বাহিনীর_গুলিতে_বিএসএফ_কর্মকর্তা_নিহত
ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মির সীমান্তে পাকিস্তানি স্নাইপারের গুলিতে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের এক কর্মকর্তা নিহত হয়েছেন। আজ (মঙ্গলবার) বিএসএফের অ্যাসিস্ট্যান্ট কমান্ডান্ট বিনয় প্রসাদ নামে ওই কর্মকর্তা গুলিবিদ্ধ হয়ে মারা যান।     
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
জানুয়ারি ১৫, ২০১৯ ১৫:৪৭ Asia/Dhaka
  • বিনয় প্রসাদ
    বিনয় প্রসাদ

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মির সীমান্তে পাকিস্তানি স্নাইপারের গুলিতে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের এক কর্মকর্তা নিহত হয়েছেন। আজ (মঙ্গলবার) বিএসএফের অ্যাসিস্ট্যান্ট কমান্ডান্ট বিনয় প্রসাদ নামে ওই কর্মকর্তা গুলিবিদ্ধ হয়ে মারা যান।     

বিএসএফের এক সিনিয়র কর্মকর্তা বলেন, কঠুয়া জেলার হীরানগর সেক্টরে আন্তর্জাতিক সীমান্ত বরাবর আজ পাকিস্তানি সেনারা গুলিবর্ষণ করে। অন্যদিকে, নিয়ন্ত্রণরেখা বরাবর সুন্দেরবাণী সেক্টরে পাকিস্তানি বাহিনী গুলিবর্ষণ করেছে।  

প্রতিরক্ষা বিভাগের এক জনসংযোগ কর্মকর্তা বলেন, আজ সকাল ১০টা নাগাদ পাকিস্তানি সেনারা সুন্দেরবানী সেক্টরে বিনা প্ররোচনায় ভারী অস্ত্রশস্ত্রের সাহায্যে গোলা-গুলিবর্ষণ করে যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। সীমান্তে মোতায়েন ভারতীয় সেনারা ওই ঘটনার উপযুক্ত জবাব দিয়েছে।

পাক বাহিনীর গুলিতে আহত সেনা কর্মকর্তা বিনয় প্রসাদকে প্রথমে হীরানগর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পরে তাঁকে জম্মুর সামরিক হাসপাতালে স্থানান্তর করা হলে সেখানেই তিনি মারা যান। 

এক পরিসংখ্যানে প্রকাশ, গত পনেরো বছরের মধ্যে ২০১৮ সালে সবচেয়ে বেশি ২ হাজার ৯৩৬ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে।      

এদিকে, অন্য একটি ঘটনায় নিয়ন্ত্রণরেখা বরাবর মানকোট সেক্টরে সেনাবাহিনীর নায়েক সুবেদার রজিন্দর সিং হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। আজ সকাল সাড়ে সাতটা নাগাদ তিনি অসুস্থ হয়ে পড়লে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তিনি মারা যান।#

পার্সটুডে/এমএএইচ/এআর/১৫

খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন