কাশ্মিরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ২ গেরিলা নিহত, জনতার বিক্ষোভ
ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে দুই গেরিলা নিহত হয়েছে। আজ (শনিবার) শ্রীনগর জেলায় তল্লাশি অভিযান চালানোর সময় উভয়পক্ষের মধ্যে সংঘর্ষে গেরিলারা নিহত হয়।
পুলিশের এক সিনিয়র কর্মকর্তা জানিয়েছেন, শ্রীনগর জেলার পামপোরের খুনমোয়া এলাকায় গেরিলাদের উপস্থিতির কথা জানতে পেরে আজ পুলিশ ও নিরাপত্তা বাহিনী যৌথভাবে ওই এলাকা ঘিরে ফেলে তল্লাশি অভিযান চালায়। এসময় লুকিয়ে থাকা গেরিলারা গুলিবর্ষণ করলে নিরাপত্তা বাহিনী পাল্টা গুলি চালায়। এতে দুই সন্ত্রাসী নিহত হয়। সংঘর্ষস্থল থেকে প্রচুর অস্ত্রশস্ত্র ও গুলিবারুদ উদ্ধার হয়েছে। পুলিশ এ ব্যাপারে একটি মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।
এদিকে, দুই গেরিলা নিহত হওয়ার খবর ছড়িয়ে পড়তেই সংশ্লিষ্ট এলাকার তরুণরা সড়কে নেমে প্রতিবাদ বিক্ষোভে সোচ্চার হন। প্রতিবাদী তরুণরা এসময় নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করলে বেসামরিক মানুষজন ও নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষ হয়।
অন্যদিকে, গতকাল সন্ধ্যায় দক্ষিণ কাশ্মিরের ত্রালে অজ্ঞাত গেরিলারা আধাসামরিক বাহিনী সিআরপিএফ ক্যাম্প লক্ষ্য করে গুলিবর্ষণ করে। ওই ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। পুলিশ হামলাকারীদের সন্ধানে তল্লাশি চালাচ্ছে।
একইদিনে অনন্তনাগ জেলার শ্রীগুফওয়াড়া থানা টার্গেট করে অজ্ঞাত গেরিলারা গ্রেনেড নিক্ষেপ করে। এটি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। অনন্তনাগ জেলার অন্য এক পুলিশ ফাঁড়িতে অজ্ঞাত গেরিলারা হামলা চালালে সাজ্জাদ আহমেদ নামে এক পুলিশ সদস্য আহত হন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া পুলওয়ামা ও সোপিয়ানেও দুটি হামলার ঘটনা ঘটেছে।#
পার্সটুডে/এমএএইচ/এআর/২৬
খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন