কাশ্মিরে গেরিলাদের গ্রেনেড হামলায় সিআরপিএফ জওয়ানসহ আহত ৭
-
সিআরপিএফ জওয়ান
ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরে অজ্ঞাত গেরিলাদের গ্রেনেড হামলায় পাঁচ বেসামরিক ব্যক্তি ও আধাসামরিক বাহিনী সিআরপিএফের দুই জওয়ান আহত হয়েছেন। আহতদের মধ্যে তিন বেসামরিক নারীও রয়েছেন।
জম্মু-কাশ্মিরের অনন্তনাগ জেলায় আজ (বৃহস্পতিবার) সন্দেহভাজন অজ্ঞাত গেরিলারা নিরাপত্তা বাহিনীকে টার্গেট করে গ্রেনেড নিক্ষেপ করলে সামরিক ও বেসামরিক ব্যক্তিরা আহত হন।
পুলিশের এক মুখপাত্র বলেন, আজ অনন্তনাগের শেরবাগ চকে সন্ত্রাসীরা নিরাপত্তা বাহিনীকে টার্গেট করে গ্রেনেড নিক্ষেপ করলে তিন নারীসহ পাঁচ বেসামরিক ব্যক্তি ও সিআরপিএফের দুই জওয়ান আহত হয়েছেন।
আহতরা হচ্ছেন-রেহেনা বেগম, সোফিয়া জান, নাজিয়া বেগম, ইরফান দার ও মুহাম্মদ হুসেইন। তাঁরা স্থানীয় আচিদোরা ও লালচকের বাসিন্দা। সিআরপিএফ জওয়ানসহ আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ এ ব্যাপারে একটি মামলা রুজু করে ওই ঘটনার তদন্ত শুরু করেছে। পুলিশ ও নিরাপত্তা বাহিনী গোটা এলাকা ঘিরে ফেলে হামলাকারীদের সন্ধানে তল্লাশি শুরু করেছে।
কাশ্মির উপত্যকায় সম্প্রতি নিরাপত্তা বাহিনীকে টার্গেট করে গ্রেনেড হামলার ঘটনা বৃদ্ধি পেয়েছে। দক্ষিণ কাশ্মিরে গত দুই দিনে এটি ছিল দ্বিতীয় গ্রেনেড হামলার ঘটনা। গত ২৫ জানুয়ারি থেকে এপর্যন্ত ২০ বারেরও বেশি গ্রেনেড নিক্ষেপের ঘটনা ঘটেছে। অজ্ঞাত গেরিলারা গত বুধবার কুলগাম জেলায় একটি থানা লক্ষ্য করে গ্রেনেড নিক্ষেপ করলে তিন জন আহত হয়েছিলেন। সোপিয়ানে গত রোববার রাষ্ট্রীয় রাইফেলসের ক্যাম্প টার্গেট করে গেরিলারা হামলা চালায়। যদিও তাতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।#
পার্সটুডে/এমএএইচ/এআর/৩১
খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন