জম্মু-কাশ্মিরে ‘বন্দুকযুদ্ধে’ ২ গেরিলা নিহত, প্রতিবাদে রাস্তায় বিক্ষোভ
ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে দুই গেরিলা নিহত হয়েছে। আজ (শুক্রবার) দক্ষিণ কাশ্মিরের পুলওয়ামা জেলায় উভয়পক্ষের মধ্যে ‘বন্দুকযুদ্ধে’ তারা নিহত হয়। নিহত শাহীদ মুশতাক বাবা এবং এনায়েত আব্দুল্লাহ জিগারের বাড়ি পুলওয়ামার দ্রাবগাম ও আরিহালে।
পুলিশের এক মুখপাত্র বলেন, বৃহস্পতিবার মধ্যরাতে পুলওয়ামা জেলার দ্রাবগামে সন্ত্রাসীদের উপস্থিতির কথা জানতে পেরে নিরাপত্তা বাহিনী ওই এলাকা ঘিরে ফেলে তল্লাশি চালায়। এসময় সন্ত্রাসীরা নিরাপত্তা বাহিনীকে টার্গেট করে গুলিবর্ষণ করলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষে দুই সন্ত্রাসী নিহত হয়। সংঘর্ষস্থল থেকে দু’জনের লাশ উদ্ধার হয়েছে, তাঁরা জৈশ-ই-মুহাম্মদ গোষ্ঠীর সদস্য। ঘটনাস্থল থেকে অস্ত্রশস্ত্র ও গুলি উদ্ধার হয়েছে। সংঘর্ষে সরকারি বাহিনীর কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
ওই ঘটনাকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকায় প্রতিবাদী তরুণরা সড়কে নেমে বিক্ষোভ প্রদর্শনসহ নিরাপত্তা বাহিনীকে টার্গেট করে পাথর নিক্ষেপ করেন। মারমুখী জনতাকে ছত্রভঙ্গ করতে নিরাপত্তা বাহিনী এসময় কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে পরিস্থিতি সামাল দেয়ার চেষ্টা করে। সংশ্লিষ্ট এলাকায় অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। কর্তৃপক্ষ সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে পুলওয়ামা ও সোপিয়ানে ইন্টারনেট পরিসেবা স্থগিত করে দেয়।
এদিকে, সম্প্রতি কাশ্মির উপত্যকা থেকে নিখোঁজ হওয়া ছয় যুবক গেরিলা গোষ্ঠীতে যুক্ত হতে পারে বলে মনে করা হচ্ছে। নিখোঁজদের মধ্যে দু জন ইঞ্জিনিয়ারিং ছাত্র ও এক পুলিশ সদস্যের ছেলেও রয়েছেন। পুলিশের পক্ষ থেকে সম্ভাব্য সমস্ত দিক খতিয়ে দেখতে ওই ঘটনার তদন্ত করা হচ্ছে।#
পার্সটুডে/এমএএইচ/এআর/১
খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন