জম্মু-কাশ্মিরে সন্ত্রাসী হামলায় নিহতদের স্মরণে বসিরহাটে মৌন মিছিল
-
ইদ্রিস আলীর নেতৃত্বে মৌন মিছিল
ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরে সন্ত্রাসী হামলায় নিহত সিআরপিএফ জওয়ানদের স্মরণে পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগণা জেলার বসিরহাটের বিভিন্ন এলাকায় তৃণমূলের পক্ষ থেকে মৌন মিছিল হয়েছে। আজ (রোববার) বসিরহাটের মিনাখাঁয় আয়োজিত ওই মিছিলের নেতৃত্ব দেন বসিরহাটের সংসদ সদস্য ও কোলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী ইদ্রিস আলী।
মিছিলে অংশগ্রহণকারীরা ‘বিজেপি সরকারের হাতে দেশ বিপন্ন’, ‘ছিঃ বিজেপি, ধিক, মোদি’, ‘কাশ্মিরে জঙ্গি হামলার ধিক্কার জানাই’, ‘শহীদের রক্ত হবে নাকো ব্যর্থ’, ‘সন্ত্রাসবাদী নিপাত যাক’, ‘জঙ্গি হামলায় নিহত শহীদদের আত্মার শান্তি কামনা করি’ ইত্যাদি লেখা সম্বলিত প্ল্যাকার্ড বহন করেন।
মিছিলে অংশ নিয়ে আইনজীবী ইদ্রিস আলী এমপি বলেন, ‘মুখ্যমন্ত্রী যে নির্দেশ দেবেন আমরা তা পালন করার জন্য প্রস্তুত রয়েছি। আসন্ন লোকসভা নির্বাচনে রাজ্যে তৃণমূল কংগ্রেস ছাড়া অন্য কেউ নয়। বসিরহাট কেন্দ্রসহ রাজ্যে লোকসভার ৪২ টি আসনের সবকটিই আমরা পাব। আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই, আমরা সকলেই এক।’
পরে রেডিও তেহরানকে দেয়া এক সাক্ষাৎকারে ইদ্রিস আলী এমপি বলেন, ‘দেশপ্রেম ঈমানের অঙ্গ। দেশকে ভালোবাসতে হবে, জঙ্গিদের ইসলাম প্রশ্রয় দেয় না। কোনো ধর্মই প্রশ্রয় দেয় না, দেয়া উচিত নয়। জঙ্গিদের কোনো জাত থাকে না। যে জঙ্গিদের আক্রমণে এতজন সেনা নিহত হলেন, তাদের নিন্দা জানানোর ভাষা নেই। যারা এ ধরণের আক্রমণ করেছে কেন্দ্রীয় সরকারকে সেই জঙ্গিদের বিরুদ্ধে সঠিক পদক্ষেপ নেয়া উচিত।’
এদিনের ওই মিছিলের সামনের সারিতে ছিলেন ইদ্রিস আলী এমপি। এছাড়া মিনাখাঁ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি হাজী আয়ুব হোসেন গাজী, হাজী কালাম মল্লিক, মাবুদ মোল্লা, গোপেশ পাত্র প্রমুখ এতে অংশগ্রহণ করেন।
কাশ্মিরে সন্ত্রাসী হামলায় নিহত সেনাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আজ বসিরহাট লোকসভা কেন্দ্রের হাড়োয়া থানার ধনপোতা শাহের বাজারে হাড়োয়া ফেরিঘাটে, বাদুড়িয়াতে মৌন মিছিল বের হয়। ওই কর্মসূচিতে বসিরহাটের ইদ্রিস আলীসহ তৃণমূলের বহু নেতৃবৃন্দ ও সমর্থক অংশগ্রহণ করেন।
গত ১৪ ফেব্রুয়ারি কাশ্মিরে সন্ত্রাসী হামলায় কমপক্ষে ৪৪ জন সিআরপিএফ জওয়ান নিহত হন। ওই ঘটনার প্রতিবাদে দেশের বিভিন্ন অংশে প্রতিবাদ বিক্ষোভ চলছে।#
পার্সটুডে/এমএএইচ/এআর/১৭