'ভারতীয় নিরাপত্তা ব্যবস্থার ত্রুটি ছাড়া পুলওয়ামার হামলার ঘটনা ঘটতে পারে না'
ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং বা 'র'য়ের সাবেক প্রধান বিক্রম সোদ বলেছেন, ভারতীয় নিরাপত্তা ব্যবস্থার কোথাও ত্রুটি-বিচ্যুতি ছাড়া পুলওয়ামার হামলার মতো ঘটনা ঘটতে পারে না।
ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের পুলওয়ামায় বৃহস্পতিবার কেন্দ্রীয় আধাসামরিক বাহিনী সিআরপিএফের বহরের ওপর ভয়াবহ বোমা হামলায় অন্তত ৪৪ জন সেনা নিহত হয়েছে।
ভারতীয় সংবাদ সংস্থা এএনআইয়ের সঙ্গে আলাপের সময় এ কথা বলেন তিনি। নিরাপত্তা ব্যবস্থার ঠিক কোথায় কোথায় ক্রুটি-বিচ্যুতি ছিল সে সম্পর্কে সঠিক কোন তারা জানা নেই এ কথা উল্লেখ করেন তিনি। তিনি বলেন, অবশ্য এ কথা ঠিক যে হামলার ঘটনায় একাধিক ব্যক্তি জড়িত ছিল। কেউ বিস্ফোরক যুগিয়েছে, কেউ এসবকে এক জায়গায় জড়ো করেছে, কেউ হামলার গাড়ি নিয়ে এসেছে, সর্বোপরি সিআরপিএফের বহর কোন পথে যাবে তাও হামলা জড়িতদের জানতে হয়েছে। হামলা যেখান থেকে চালানো হয়েছে সে স্থান তাদের কাছে আগেই পরিচিত ছিল বলেও জানান তিনি। এ হামলার বিষয়ে আরো জানার বাকি আছে বলেও উল্লেখ করেন তিনি।
হামলাকে কেন্দ্র করে ভারত সরকার পাকিস্তানের বিরুদ্ধে সম্ভব্য কি ধরণের ব্যবস্থা নিতে পারে বলেও জানতে চাওয়া হয় তার কাছে। 'র'য়ের সাবেক প্রধান বলেন, এটি মুষ্টিযুদ্ধ প্রতিযোগিতা নয়। ভারত এ বিষয়ে সবদিক বিবেচনা করে তবেই পাকিস্তানের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। আজ বা আগামীকালের মধ্যেই ব্যবস্থা হবে বলে মনে হয় না উল্লেখ করে তিনি বলেন, ভারত নিজ সুবিধামতো সময়ে সুবিধামতো স্থানে এ ব্যবস্থা নেবে।#
পার্সটুডে/মূসা রেজা/১৮
খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন