আমাদের লড়াই কাশ্মিরের জন্য, কাশ্মিরিদের বিরুদ্ধে নয়: মোদি
-
নরেন্দ্র মোদি
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, আমাদের লড়াই কাশ্মিরের জন্য, কাশ্মিরিদের বিরুদ্ধে নয়। তিনি আজ (শনিবার) রাজস্থানের টঙ্কে এক জনসমাবেশে ভাষণ দেয়ার সময় ওই মন্তব্য করেন।
সম্প্রতি কাশ্মিরের পুলওয়ামায় ভয়াবহ সন্ত্রাসী হামলায় ৪৪ জন সিআরপিএফ জওয়ান নিহত হওয়ার পরে দেশের বিভিন্ন অংশে কাশ্মিরিদের ওপর যে হামলার ঘটনা ঘটছে প্রধানমন্ত্রী সেই প্রসঙ্গে ওই মন্তব্য করেছেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের লড়াই সন্ত্রাসবাদের বিরুদ্ধে, মানবতার শত্রুদের বিরুদ্ধে। কাশ্মিরের জন্য আমাদের লড়াই, কাশ্মিরের বিরুদ্ধে নয়। কাশ্মিরবাসীদের বিরুদ্ধেও নয়।’
তিনি বলেন, ‘কাশ্মিরি সন্তানদের সঙ্গে ভারতে কোথায় কি হয়েছে, কি হয়নি, এটা বিষয় নয়, আসলে দেশে এধরণের ঘটনা হওয়া উচিত নয়। কাশ্মিরিরা সন্ত্রাসবাদে পীড়িত। তারা সন্ত্রাসবাদ নির্মূল করতে আমাদের সাথে আসতে প্রস্তুত। তাদেরকে আমাদের সঙ্গে রাখতে হবে। অমরনাথ যাত্রায় হাজার হাজার তীর্থযাত্রীদের যারা যত্ন নেন তারা কাশ্মিরের সন্তান। অমরনাথ যাত্রায় লোকেদের যখন গুলি লেগেছিল তখন কাশ্মিরি তরুণরা তাদের পাশে দাঁড়িয়ে রক্ত দিয়েছিল। যেভাবে দেশের অন্য অংশে লোকেরা শহীদ হয়, সেভাবে কাশ্মিরের লোকেরাও সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়তে গিয়ে শহীদ হন।’
প্রধানমন্ত্রীর ওই মন্তব্যকে স্বাগত জানিয়েছেন জম্মু-কাশ্মিরের সাবেক মুখ্যমন্ত্রী ও ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আব্দুল্লাহ।
কাশ্মিরিদের ওপরে ক্রমবর্ধমান হামলার ঘটনায় পরিস্থিতি সামাল দিতে গতকাল শুক্রবারই হস্তক্ষেপ করেছিল সুপ্রিম কোর্ট। হামলা আটকাতে কেন্দ্রীয় সরকার ও দশটি রাজ্যকে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত।#
পার্সটুডে/এমএএইচ/এআর/২৩
খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন