পাক দূতকে তলব: আটক পাইলটকে ফেরত দেয়ার দাবি জানাল ভারত
-
পাকিস্তানে আটক ভারতীয় পাইলট অভি নন্দন
পাকিস্তানের হাতে আটক পাইলটকে ফেরত দেয়ার দাবি জানিয়েছে ভারত। আহত ও রক্তাক্ত অবস্থায় যেভাবে ওই পাইলটকে প্রকাশ্যে নিয়ে আসা হয়েছে তা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।
আজ (বুধবার) বিকেলে পাক উপ-রাষ্ট্রদূতকে সাউথ ব্লকে তলব করে ভারতের তীব্র অসন্তোষের কথা জানিয়ে দেয়া হয়। তাঁকে কঠোর বার্তা দিয়ে অবিলম্বে গ্রেফতার হওয়া পাইলটকে ভারতের হাতে তুলে দেওয়ার দাবি জানানো হয়েছে। একইসঙ্গে তীব্র অসন্তোষ প্রকাশ করে বলা হয়েছে যে, বিমান বাহিনীর পাইলটের সঙ্গে যে ব্যবহার করা হয়েছে তা জেনেভা সম্মেলনের শর্ত লঙ্ঘন করেছে। পাকিস্তান কেন সরকারিভাবে ভারতকে পাইলটের গ্রেফতারের কথা জানায়নি সেই প্রশ্নও তোলা হয় পাক উপ-রাষ্ট্রদূতের সামনে।
আজ পাকিস্তানি গণমাধ্যমে এক ভিডিও ফুটেজে দেখা গেছে, একটি পাহাড়ি ঝোরার উপরে পড়ে আছেন অভিনন্দন নামের ওই পাইলট। তাঁকে ঘিরে ধরে বেধড়ক মারধর করছে কিছু মানুষ। সেই ভিড়ে সেনা এবং পুলিশের পোশাক পরা কয়েক জনকেও দেখা যায়।
এদিকে, আটক পাইলট সম্পর্কে ভারতের অসন্তোষ প্রকাশ্যে আসতেই পাক সেনাবাহিনীর মুখপাত্র আসিফ গফুর এক ভিডিও প্রকাশ করে দাবি করেন, সামরিক রীতি মেনেই রাখা হয়েছে ভারতীয় পাইলটকে। ওই ভিডিওতে প্রকাশ, অভি নন্দন নামে আটক ওই উইং কমান্ডার চা খাচ্ছেন। তাঁর সঙ্গে পাক সেনা ভদ্র ব্যবহার করেছে বলে তিনি জানান।#
পার্সটুডে/এমএএইচ/এআর/২৭
খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন