কতজন মারা গেছে জানতে চাই, নির্বাচন জেতার জন্য যুদ্ধ চাই না: মমতা
-
মমতা বন্দ্যোপাধ্যায়
ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাকিস্তানি ভূখণ্ডে বিমান হামলায় নিহতের সংখ্যা নিয়ে নিয়ে প্রশ্ন তুলেছেন। গতকাল (বৃহস্পতিবার) মমতা দিল্লি থেকে কোলকাতায় ফিরে এই প্রশ্ন তুলেছেন।
মমতা বলেন, ‘গত পাঁচ বছরেও কিছু হলো না, উরি হয়েছে, পাঠানকোট হয়েছে, কোনো পদক্ষেপ নেয়া হয়নি। এতগুলো জওয়ান মারা গেছে, এরকম কিছু ঘটতে পারে সরকারের কাছে অ্যাডভাইসারি ছিল, তা সত্ত্বেও সরকার আগাম কোনো সাবধানতা অবলম্বন করেনি। তাদের মৃত্যুর মুখে ঠেলে দেয়া হয়েছে। হঠাৎ করে ধিতাং-ধিতাং-তা বলে টিভি চ্যানেলগুলোকে একতরফা খাইয়ে কেন দেশবাসীকে বিপথে চালিত করা হচ্ছে?’
তিনি বলেন, ‘প্রকৃতপক্ষে কী ঘটনা ঘটেছে তা জানতে চাই। প্রথম দিন থেকে ন্যাশনাল টিভিতে শুনলাম ৩০০/৩৫০ জন মারা গেছে, কত কী? আমরা জানতে চাই প্রকৃতপক্ষে কত জন মারা গেছে? আদৌ কি মারা গেছে কিনা? বোমা কোথায় ফেলা হয়েছিল? আদৌ বোমা ঠিক জায়গায় পড়েছিল কিনা? নিউইয়র্ক টাইমস, ওয়াশিংটন পোস্ট, রয়টার্স, তাতে বলা হয়েছে এরকম কোনো ঘটনা ঘটেনি। বোমাটা পড়েছে অন্য জায়গায়, মানুষ মারা যায়নি। কেউ বলেছে একজন মারা গেছে। কিন্তু সত্যটা কি? এটা তো লোকে জানতে চাইতেই পারে।’
মমতা বলেন, ‘এ ব্যাপারে আমরা পুরোপুরি বাহিনীর সাথে আছি। বাহিনীকে সত্যি কথা বলার সুযোগ করে দেয়া উচিত। দেশের লোকের সত্যিটা জানা উচিত। রাজনীতির প্রয়োজনে আমরা যুদ্ধ চাই না। দেশের জন্য যদি যুদ্ধ হয়, আমরা দেশের সাথে আছি। রাজনীতি ও নির্বাচন জেতার জন্য আমরা যুদ্ধ চাই না।’
তিনি বলেন, ‘আজ পর্যন্ত প্রধানমন্ত্রী বিরোধী দলের সঙ্গে একটাও মিটিং করল না। পুলওয়ামা হামলার পরেও না, আবার এয়ার স্ট্রাইকের পরেও না। কিছু বলা হয়নি, আমরা জানতেই চাইতে পারি, কতজন মারা গেছে? কারা মারা গেছে? আসল ঘটনা কী? বিস্তারিত আমরা কেউ জানি না। সেটা দেশবাসী জানতে চাইতে পারে।’
মমতা বলেন, ‘দেশের পক্ষে আমরা সবাই, দেশমাতৃকাকে আমরা সবাই ভালোবাসি। কিন্তু জওয়ানদের রক্ত দিয়ে রাজনীতি করাটা আমরা ভালোবাসি না। জওয়ানদের রক্তের দাম অনেক বেশি।’
‘জওয়ানরা আমাদের গর্ব, যারা সীমান্তে লড়াই করে। আজ রাজনীতির ভোটবাক্সে ফায়দা তোলার জন্য কেউ কেউ রাজনীতি করে, যা নিন্দনীয়’ বলেও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেন।#
পার্সটুডে/এমএএইচ/এআর/২৯
খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন