জম্মু-কাশ্মিরে নিহত ২, বারামুল্লায় ভারত-পাক গুলিবর্ষণে আহত ১
https://parstoday.ir/bn/news/india-i68480-জম্মু_কাশ্মিরে_নিহত_২_বারামুল্লায়_ভারত_পাক_গুলিবর্ষণে_আহত_১
ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরে নিরাপত্তা বাহিনীর অভিযানে দুই ব্যক্তি নিহত হয়েছে। উত্তর কাশ্মিরের কুপওয়াড়া জেলার হান্দওয়াড়ার বাবাগান্ড এলাকা থেকে আজ (শুক্রবার) নিহতদের লাশ উদ্ধার হয়।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
মার্চ ০১, ২০১৯ ১১:২৯ Asia/Dhaka
  • জম্মু-কাশ্মিরে নিহত ২, বারামুল্লায় ভারত-পাক গুলিবর্ষণে আহত ১

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরে নিরাপত্তা বাহিনীর অভিযানে দুই ব্যক্তি নিহত হয়েছে। উত্তর কাশ্মিরের কুপওয়াড়া জেলার হান্দওয়াড়ার বাবাগান্ড এলাকা থেকে আজ (শুক্রবার) নিহতদের লাশ উদ্ধার হয়।

সম্প্রতি কাশ্মিরের পুলওয়ামায় ভয়াবহ সন্ত্রাসী হামলায় কমপক্ষে ৪৪ জন সিআরপিএফ জওয়ান নিহত হওয়ার পর থেকে নিরাপত্তা বাহিনী সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যাপক অভিযান চালাচ্ছে।

গতকাল (বৃহস্পতিবার) দিবাগত রাত ৯ টা নাগাদ সেনাবাহিনী, আধাসামরিক বাহিনী সিআরপিএফ ও পুলিশের বিশেষ বাহিনী হান্দওয়াড়া এলাকায় ঘেরায় ও তল্লাশি অভিযান শুরু করলে উভয়পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধে দুই ব্যক্তি নিহত হয়। নিহতদের পরিচয় ও তারা কোন গ্রুপের সদস্য তা জানার চেষ্টা চলছে বলে পুলিশের এক কর্মকর্তা জানান।  

এদিকে, ভারত-পাক সীমান্তে উত্তর কাশ্মিরের বারামুল্লা জেলায় উরি ও কামালকোট সেক্টরে দু’দেশের সেনাবাহিনীর মধ্যে তীব্র গোলাগুলি বিনিময় হয়েছে। গতকাল রাতভর উভয়পক্ষের মধ্যে থেমে থেমে পাল্টাপাল্টি গুলি বিনিময় হয়। পাকিস্তানি বাহিনীর শেলের আঘাতে রিয়াজ আহমদ (৩০) নামে এক বেসামরিক ব্যক্তি আহত হলে তাকে চিকিৎসার জন্য উরিতে উপজেলা হাসপাতালে পাঠানো হয়। পাক বাহিনীর শেলের আঘাতে এসময় দুটি বেসামরিক বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে।

পুলিশের এক কর্মকর্তা বলেন, পাকিস্তানি সেনাবাহিনী যুদ্ধবিরতি লঙ্ঘন করে ভারতীয় বিভিন্ন সামরিক পোষ্ট টার্গেট করে আক্রমণ করলে ভারতীয় বাহিনী তার উপযুক্ত জবাব দিয়েছে। অন্যদিকে, গতকাল নয়াদিল্লীতে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয় গত দু’দিনে পাকিস্তান ৩৫ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে।#

পার্সটুডে/এমএএইচ/এআর/১