মুক্তির আগে ও পরে যা বললেন ভারতীয় পাইলট অভিনন্দন (ভিডিও)
https://parstoday.ir/bn/news/india-i68497-মুক্তির_আগে_ও_পরে_যা_বললেন_ভারতীয়_পাইলট_অভিনন্দন_(ভিডিও)
পাকিস্তানে ৬০ ঘণ্টা আটক থাকার পর মুক্তি পাওয়া ভারতীয় পাইলট উইং কমান্ডার অভিনন্দন বর্তমানের আরও একটি ভিডিও প্রকাশিত হয়েছে। এতে তিনি পাকিস্তানি সেনাবাহিনীর প্রশংসা করার পাশাপাশি ভারতীয় গণমাধ্যমের সমালোচনা করেছেন।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
মার্চ ০১, ২০১৯ ২৩:২২ Asia/Dhaka
  • ভারতে প্রবেশের আগে অভিনন্দন
    ভারতে প্রবেশের আগে অভিনন্দন

পাকিস্তানে ৬০ ঘণ্টা আটক থাকার পর মুক্তি পাওয়া ভারতীয় পাইলট উইং কমান্ডার অভিনন্দন বর্তমানের আরও একটি ভিডিও প্রকাশিত হয়েছে। এতে তিনি পাকিস্তানি সেনাবাহিনীর প্রশংসা করার পাশাপাশি ভারতীয় গণমাধ্যমের সমালোচনা করেছেন।

ভারতের কাছে হস্তান্তরের আগে অভিনন্দনের এই ভিডিওটি ধারণ করে পাকিস্তান কর্তৃপক্ষ। ভিডিওতে অভিনন্দন বলেন, ‘আমার নাম উইং কমান্ডার অভিনন্দন বর্তমান। আমি ভারতের যুদ্ধবিমানের পাইলট। আমি টার্গেট খোঁজার চেষ্টা করছিলাম। সে সময় পাকিস্তানি বিমানবাহিনী আমার বিমানকে ভূপাতিত করে। আমাকে বিমান ছেড়ে বেরিয়ে পড়তে হয় কারণ,সেটি ভেঙে গিয়েছিল। আমার প্যারাস্যুট খোলে। নামার পরে বাঁচার একমাত্র উপায় ছিল আমার পিস্তল। আমি পালানোর চেষ্টা করেছিলাম। কিন্তু অনেক লোক ছিল। তারা খুবই উত্তেজিত ছিল। আমাকে তাই পিস্তল ফেলে দিতে হয়।’ 

অভিনন্দন বলেন, ‘এ সময় পাকিস্তানের দুই সেনা সদস্য আসেন। তারা আমাকে বাঁচান। তাদের একজন ক্যাপ্টেন ছিলেন। তারা কিছু হতে দেননি। তারা আমাকে ইউনিটে নিয়ে যান। ফার্স্ট-এইড দেওয়া হয়। তারপরে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে আমার শারীরিক পরীক্ষা হয়। আমাকে ওষুধ দেওয়া হয়। পাকিস্তান সেনাবাহিনী পেশাদার। আমি তাদের মধ্যে শান্তি দেখেছি। আমি পাকিস্তানি সেনাবাহিনীর সঙ্গে সময় কাটিয়েছি। আমি অভিভূত।’

ভিডিওতে তিনি আরও বলেন, ‘ভারতীয় সংবাদমাধ্যম সবসময় সত্যের অতিরঞ্জন ঘটায়। ছোটখাটো বিষয়কে তারা উত্তেজক হিসেবে উপস্থাপন করে আর মানুষ বিভ্রান্ত হয়’। 

ভিডিওটি প্রকাশের কিছু সময় পরই শুক্রবার রাত সোয়া ৯টার দিকে অভিনন্দনকে ‘ওয়াঘা’ সীমান্ত দিয়ে ভারতীয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে পাকিস্তান সরকার। তবে তাকে বিকেলে হস্তান্তর করার কথা থাকলেও এ প্রক্রিয়া দুই দফায় পেছানো হয়। প্রথমে বলা হয় সাড়ে ৭টার দিকে হস্তান্তর করা হবে। শেষে বলা হয় তাকে সাড়ে ৯টার দিকে ভারতের কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হবে। শেষ পর্যন্ত স্বাস্থ্য পরীক্ষাসহ অন্যান্য আনুষ্ঠানিকতার পর তাকে সোয়া ৯টার দিকে হস্তান্তর করা হয়। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তাকে স্বাগত জানায়। তারপর তাঁকে বিমানবাহিনী এবং সেনাবাহিনীর হাতে তুলে দেওয়া হয় এসময় অভিনন্দন বলেন, ‘দেশে ফেরত এসে ভালো লাগছে।’ 

ভারতের মাটিতে পা রাখার পরই অভিনন্দনের উদ্দেশে করে টুইটার বার্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ঘরে ফেরায় অভিনন্দনকে স্বাগত! আপনার দৃষ্টান্তস্বরূপ বীরত্বে দেশ গর্বিত। আমাদের সশ্বস্ত্র বাহিনী ১৩০ কোটি ভারতবাসীর গর্ব। বন্দেমাতরম! 

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইটে লিখেছেন, ‘স্বাগত অভিনন্দন বর্তমান’।

স্বদেশের মাটিতে অভিনন্দনকে স্বাগত জানাতে ভারতের পাঞ্জাব রাজ্যের অংশে উপস্থিত ছিলেন তার বাবা এয়ার মার্শাল (অব.) এস বর্তমান ও মা ড. শোভা বর্তমান। এছাড়াও সরকারি শীর্ষ কর্মকর্তাসহ বিপুলসংখ্যক জনতা উপস্থিত ছিলেন।

গত মঙ্গলবার ভারতীয় বিমানবাহিনী পাকিস্তানের আকাশসীমায় ঢুকে বিমান হামলা চালায়। পর দিনই ভারতের দুটি বিমান ভূপাতিত ও এক পাইলটকে আটকের দাবি করে পাকিস্তান। পরে অভিনন্দন নামের ওই পাইলটের ভিডিও প্রকাশ করা হয় পাকিস্তান সেনাবাহিনীর পক্ষ থেকে। পরে বৃহস্পতিবার ভারতীয় বিমানবাহিনীর পাইলট অভিনন্দন বর্তমানকে শুক্রবার ছেড়ে দেয়া হবে বলে ঘোষণা দেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।#

পার্সটুডে/আশরাফুর রহমান/২

খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন