কাশ্মিরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত ২, সীমান্তে গুলিবর্ষণ
https://parstoday.ir/bn/news/india-i68595-কাশ্মিরে_নিরাপত্তা_বাহিনীর_সঙ্গে_সংঘর্ষে_নিহত_২_সীমান্তে_গুলিবর্ষণ
ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে দুই সন্ত্রাসী নিহত হয়েছে। আদফার ফৈয়াজ পাররে ও ইরফান আহমদ রাঠোর নামে নিহতরা ত্রালের গুলশানপোরা ও শরীফাবাদের বাসিন্দা। তারা হিজবুল মুজাহিদীন সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে যুক্ত ছিল বলে পুলিশ জানিয়েছে।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
মার্চ ০৫, ২০১৯ ১৫:১৭ Asia/Dhaka
  • কাশ্মিরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত ২, সীমান্তে গুলিবর্ষণ

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে দুই সন্ত্রাসী নিহত হয়েছে। আদফার ফৈয়াজ পাররে ও ইরফান আহমদ রাঠোর নামে নিহতরা ত্রালের গুলশানপোরা ও শরীফাবাদের বাসিন্দা। তারা হিজবুল মুজাহিদীন সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে যুক্ত ছিল বলে পুলিশ জানিয়েছে।

পুলিশের এক মুখপাত্র বলেন, তাদের বিরুদ্ধে বিভিন্ন সন্ত্রাসমূলক অপরাধের মামলা রয়েছে। সংঘর্ষস্থল থেকে একে-৪৭ রাইফেলসহ অস্ত্র ও গুলিবারুদ উদ্ধার হয়েছে।

পুলিশ সূত্রে প্রকাশ, অবন্তিপোরা জেলার ত্রালের রেশিপোরা এলাকায় সন্ত্রাসীদের উপস্থিতির খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী যৌথভাবে গতকাল সন্ধ্যায় ওই এলাকা ঘিরে ফেলে তল্লাশি অভিযান চালায়। অন্ধকারের জন্য ওই অভিযান বন্ধ থাকার পরে আজ (মঙ্গলবার) ভোরে পুনরায় তা শুরু হয়। এ সময় লুকিয়ে থাকা সন্ত্রাসীরা গুলিবর্ষণ করলে নিরাপত্তা বাহিনী পাল্টা গুলিবর্ষণ করে জবাব দিলে উভয়পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধ শুরু হয়। ওই ঘটনায় ফারুক আহমদ মল্লিক (৪৫) নামে ত্রালের এক বেসামরিক বাসিন্দা আহত হলে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়। পুলিশ এ ব্যাপারে একটি মামলা দায়ের করে ওই ঘটনার তদন্ত শুরু করেছে।

অন্যদিকে, জম্মু-কাশ্মিরের রজৌরি জেলায় নিয়ন্ত্রণরেখা বরাবর ভারত ও পাকিস্তানি সেনাবাহিনীর মধ্যে পাল্টাপাল্টি গুলিবিনিময় হয়েছে।

আজ (মঙ্গলবার) প্রতিরক্ষা বিভাগের এক মুখপাত্র বলেন, নিয়ন্ত্রণরেখা বরাবর অগ্রবর্তী চৌকি ও বিভিন্ন গ্রাম টার্গেট করে পাকিস্তানি সেনারা যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। পাক সেনারা এসময় মর্টার শেলের পাশপাশি ছোট অস্ত্রের সাহায্যে গুলিবর্ষণ করে। আজ রাজৌরির নৌশেরা সেক্টরে পাকিস্তানি সেনারা বিনা প্ররোচনায় যুদ্ধবিরতি লঙ্ঘন করলে ভারতীয় সেনাবাহিনী দ্রুত ও কার্যকরভাবে তার জবাব দিয়েছে বলেও ভারতীয় প্রতিরক্ষা মুখপাত্র বলেন।#

পার্সটুডে/এমএএইচ/এআর/৫

খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন