কাশ্মিরে এবার জেকেএলএফ নিষিদ্ধ: মেহবুবা মুফতির ক্ষোভ
https://parstoday.ir/bn/news/india-i69059-কাশ্মিরে_এবার_জেকেএলএফ_নিষিদ্ধ_মেহবুবা_মুফতির_ক্ষোভ
জামায়াতে ইসলামীর পর এবার জম্মু-কাশ্মির লিবারেশন ফ্রন্ট বা জেকেএলএফকে নিষিদ্ধ ঘোষণা করল ভারত সরকার। পুলওয়ামায় সন্ত্রাসী হানার পরপরই জামায়াতকে নিষিদ্ধ করা হয়। আর শুক্রবার সন্ত্রাসবিরোধী আইনের আওতায় জেকেএলএফের বিরুদ্ধে এই নিষেধাজ্ঞা দেয়া হলো।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
মার্চ ২৩, ২০১৯ ০৯:৩৩ Asia/Dhaka
  • সংবাদ সম্মেলনে জেকেএলএফ নেতা ইয়াসিন মালিক (ফাইল ফটো)
    সংবাদ সম্মেলনে জেকেএলএফ নেতা ইয়াসিন মালিক (ফাইল ফটো)

জামায়াতে ইসলামীর পর এবার জম্মু-কাশ্মির লিবারেশন ফ্রন্ট বা জেকেএলএফকে নিষিদ্ধ ঘোষণা করল ভারত সরকার। পুলওয়ামায় সন্ত্রাসী হানার পরপরই জামায়াতকে নিষিদ্ধ করা হয়। আর শুক্রবার সন্ত্রাসবিরোধী আইনের আওতায় জেকেএলএফের বিরুদ্ধে এই নিষেধাজ্ঞা দেয়া হলো।

ভারতের স্বরাষ্ট্রসচিব রাজীব গৌবা বলেছেন, অবৈধ কার্যকলাপ দমন আইন, ১৯৬৭-এর একাধিক ধারায় জেকেএলএফকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। কোনোরকম সন্ত্রাস সহ্য না করার নীতি মেনেই এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় দাবি করেছে, জেকেএলএফ উপত্যকায় বিচ্ছিন্নতাবাদী মতবাদকে প্রশ্রয় দিচ্ছে ‌এবং আশির দশকের শেষে জম্মু-কাশ্মিরে সন্ত্রাস বৃদ্ধির পেছনে ইয়াসিন মালিকের প্রধান ভূমিকা ছিল। কাশ্মিরি পণ্ডিতদের একাধিক হত্যাকাণ্ডের মূলহোতা তিনি। এছাড়া বিশ্বনাথ প্রতাপ সিংহের সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী মুফতি মুহম্মদ সাইদের তৃতীয় কন্যা রুবাইয়াকে অপহরসহ বিমান বাহিনীর চার সেনাকে হত্যার অভিযোগ রয়েছে। যদিও রুবাইয়ার বোন পিডিপি নেত্রী মেহবুবা মুফতির মতে, এই নিষেধাজ্ঞা অনর্থক

মেহবুবা মুফতি

তিনি বলেন, “দীর্ঘদিন আগেই হিংসার পথ ছেড়ে দিয়েছেন ইয়াসিন মালিক। প্রধানমন্ত্রী বাজপেয়ী যখন আলোচনা প্রক্রিয়া শুরু করেছিলেন তখন ইয়াসিন মালিককে একটি পক্ষ হিসেবে ধরা হয়েছিল। এই সংগঠন নিষিদ্ধ করার মাধ্যমে কী পাওয়া যাবে? এ ধরনের ক্ষতিকর পদ্ধতি গ্রহণের মাধ্যমে কাশ্মিরর এক উন্মুক্ত কারাগারে পরিণত হবে মাত্র।

জেকেএলএফ নেতা ইয়াসিন মালিককে গত ২২ ফেব্রুয়ারি জননিরাপত্তা আইনে গ্রেফতার করা হয়। বর্তমানে তিনি জম্মুর কট বালওয়াল জেলে রয়েছেন অন্যদিকে শুক্রবার সকালেই হুরিয়াত নেতা সাইয়্যেদ আলি শাহ গিলানির বিরুদ্ধে ফেমার আওতায় অবৈধ বিদেশি মুদ্রা লেনদেনের অভিযোগে মামলা দায়ের করেছে ইডি। জেকেএলএফ-এর বিরুদ্ধেও একই অভিযোগে ফেমার ধারায় মামলা দায়েরের উদ্যোগ নিয়েছে ইডি।

গত ১৪ ফেব্রুয়ারি ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পুলওয়ামায় আত্মঘাতী গাড়িবোমা বিস্ফোরণে ভারতের ৪০ জনেরও বেশি জওয়ান নিহত হয়। এই হামলার পর প্রতিবেশী দুই দেশ ভারত-পাকিস্তানের মধ্যে উত্তজনা ছড়িয়ে পড়ে। এই হামলার রেশ ধরেই জম্মু এবং কাশ্মিরের ইসলামি রাজনৈতিক দল জামায়াতে ইসলামিকে নিষিদ্ধ করে ভারত সরকার।

জামায়াত নিষিদ্ধের পরিণাম ভালো হবে না বলে হুঁশিয়ারি দিয়ে সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি বলেছিলে, জামায়াত শুধু ধর্মীয় সংগঠন নয়, এটি একটি সামাজিক আন্দোলনও। তাদের স্কুলগুলোতে যারা পড়াশোনা করে তারা পরীক্ষায় ভালো করছে। কিন্তু এই স্কুলগুলো বন্ধ করে দিলে সেই শিশুদের কী হবে? হাজার হাজার মানুষ সংগঠনটির সাথে জড়িত।

তিনি বলেন, জামায়াত নিষিদ্ধের মাধ্যমে ভারতের ক্ষমতাসীন দল বিজেপি জম্মু ও কাশ্মিরকে উন্মুক্ত জেলখানায় পরিণত করছে#

পার্সটুডে/আশরাফুর রহমান/২৩