পশ্চিমবঙ্গে কেবল মমতা ব্যানার্জিই পারেন বিজেপিকে হটাতে: শুভেন্দু
-
শুভেন্দু অধিকারী
ভারতের পশ্চিমবঙ্গের পরিবহণমন্ত্রী ও তৃণমূল নেতা শুভেন্দু অধিকারী বলেছেন, বাংলায় যদি কেউ বিজেপিকে হটাতে পারে তাঁর নাম মমতা ব্যানার্জি। লোকসভা নির্বাচন উপলক্ষে তিনি আজ (সোমবার) তৃণমূল প্রার্থী ডা. মোয়াজ্জেম হোসেন ও মৌসম বেনজির নূরের সমর্থনে মালদহ জেলার চাঁচলে দলীয় জনসমাবেশে ভাষণ দেয়ার সময় ওই মন্তব্য করেন।
কংগ্রেস থেকে তৃণমূলে যোগ দেয়ায় মৌসম বেনজির নূরের বিরুদ্ধে যারা বিশ্বাসঘাতকতার অভিযোগ তুলেছেন তাদেরকে উদ্দেশ করে তিনি বলেন, যে সোমেন মিত্র বিশ্বাসঘাতকতার কথা বলছেন, তিনিই কিছুদিন আগে তৃণমূলের ডায়মন্ডহারবারের এমপি হয়েছিলেন। সেকথা নিশ্চয় আপনাদের মনে আছে।
শুভেন্দু অধিকারী বলেন, ‘আমরা যখন ব্রিগেডে সমাবেশ করেছিলাম সেদিন কংগ্রেসের নেতা মল্লিকার্জুন খাড়গে, মনু সিংভিকে পাঠিয়ে সোনিয়াজির লেখা বার্তায় মমতা আপনি এগিয়ে চলুন, কংগ্রেস আপনার সঙ্গে আছে একথা বলেনি? কিন্তু আজ কংগ্রেসের লোকেরা বিজেপিকে অক্সিজেন দিয়ে তৃণমূলকে দুর্বল করতে চাচ্ছে। আপনারা এত পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ আমাদের দিয়েছেন, উন্নয়ন যদি করতে হয় তৃণমূল কংগ্রেস করতে হবে। মমতা ব্যানার্জি প্রতিশ্রুতি দেয় না, কাজ করে দেখায়।’
মালদহে সম্প্রতি কংগ্রেসের সভাপতি রাহুল গান্ধীর জনসভা প্রসঙ্গে শুভেন্দু বলেন, ‘রাহুলজিকে মালদহের কংগ্রেসের লোকেরা এখানে এনেছেন কেন? কাকে দুর্বল করার জন্য আর কাকে লাভবান করার জন্য এনেছেন? যদি প্রকৃতপক্ষে আপনারা সাম্প্রদায়িক বিজেপিকে দিল্লি থেকে সরাতে চান নরেন্দ্র মোদি সরকারকে সরাতে চান তাহলে বিজেপির দালাল বি-টিম কংগ্রেসের লোকেরা আছেন যারা পঞ্চায়েতে বিজেপিকে সমর্থন করেছে। ওরা সকাল বেলা কংগ্রেস করে, সন্ধ্যে বেলা করে বিজেপি, এরাই আজকে রাহুলজিকে মালদহে এনে এখানে বিজেপিবিরোধী শক্তিকে দুর্বল করার চেষ্টা হয়েছে।’
শুভেন্দু বাবু এদিন ছাত্র-ছাত্রীদের স্কলারশিপ থেকে শুরু করে রাজ্য সরকারের পক্ষ থেকে যেসব উন্নয়নমূলক পদক্ষেপ নেয়া হয়েছে সেসব বিস্তারিত উল্লেখ করে উপস্থিত জনতার দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেন।#
পার্সটুডে/এমএএইচ/এআর/২৫