অসমে ১৪ আসনে জয়ী হবে বিজেপি- অমিত শাহ'র দাবি: নাকচ করল ‘আমসু’
ভারতের ক্ষমতাসীন বিজেপি সভাপতি অমিত শাহ অসমে লোকসভা নির্বাচনে ১৪টি আসনের সবকটিতেই বিজেপি জোট জয়ী হবে বলে দাবি করেছেন। তিনি আজ (বৃহস্পতিবার) অসমে নির্বাচনি সমাবেশে ভাষণ দেয়ার সময় ওই দাবি জানান।
অমিত শাহ বলেন, ‘দেশবাসী পুনরায় আরও একবার নরেন্দ্র মোদিকে দেশের প্রধানমন্ত্রী করবেন। আমি বিজেপি কর্মীদের কাছে আবেদন জানাচ্ছি হাতি হোক বা পদ্ম ফুল হোক সবাইকে জেতানোর জন্য কাজ করুন। অসমের অস্মিতা, ভাষা ও সংস্কৃতি রক্ষার জন্য বিজেপি কাজ করছে। কংগ্রেস কেবল শাসন করেছে কিন্তু তারা কোনো কাজ করেনি। মোদি সরকারের সময়ে সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রয়োজনে আমরা সার্জিক্যাল স্ট্রাইক, এয়ার স্ট্রাইক করেছি। দেশের সীমান্ত রক্ষার কাজ কেবল বিজেপি ও নরেন্দ্র মোদি করতে পারেন।’
তিনি বলেন, ‘কাজিরাঙায় কংগ্রেস অনুপ্রবেশকারীদের আশ্রয় দিয়েছিল। কিন্তু আমাদের সরকার কাজিরাঙা থেকে অনুপ্রবেশকারীদের তাড়িয়ে দিয়েছে।’
অসমে বিজেপি জোটের সাফল্যের দাবিকে নাকচ করে দিয়েছে অল অসম মাইনরিটি স্টুডেন্টস ইউনিয়ন (‘আমসু’)। ‘আমসু’র উপদেষ্টা ও অসমের সংখ্যালঘু সংগঠন সমূহের সমন্বয় সমিতির মুখ্য আহ্বায়ক আইনজীবী আজিজুর রহমান আজ (বৃহস্পতিবার) রেডিও তেহরানকে বলেন, ‘বিজেপি ও তার মিত্রগোষ্ঠী এজিপি ও বিপিএফকে অসমের জনসাধারণ বয়কট করেছে। বিজেপি যেদিন থেকে নাগরিকত্ব সংশোধনী বিল সংসদে নিয়ে আসে সেদিন থেকেই অসমের জনগণ আর ওদের সঙ্গে নেই। অমিত শাহের যে দাবি লোকসভার ১৪ টা আসনেই ওনারা জিতছেন তা সম্পূর্ণ একটা মিথ্যে আস্ফালন। এটা কোনোদিনই বাস্তবায়িত হবে না।’
তিনি বলেন, ‘সার্জিক্যাল স্ট্রাইকসহ দেশের উন্নতির যে দাবি ওরা করেন তার সবই মিথ্যে প্রমাণিত হচ্ছে। সেনাবাহিনীর সদস্যরা যদি সার্জিক্যাল স্ট্রাইক করে এবং তার কৃতিত্ব যদি কোনো রাজনৈতিক দলের সভাপতি নিতে চান তা মেনে নেয়া যায় না। উন্নয়নের কথা উনি বলছেন, কিন্তু ভারতে আজকের তারিখে জিডিপি কত? ওনারা দেশের উন্নয়ন করেছেন বলে যতই চিৎকার করুন না কেন তা সম্পূর্ণ মিথ্যে কথা। নোট বাতিলের মধ্য দিয়ে ভারতের অর্থনৈতিক পরিকাঠামো তছনছ হয়ে গেছে। অর্থনীতি অনেক নীচেয় নেমে গেছে। অসমের মানুষ এত বোকা নয় যে মিথ্যে কথায় ভুলে ওনাদেরকে ভোট দেবেন। নাগরিকত্ব সংশোধনী বিলের নামে অসমের সর্বস্তরের লোকের মনে ওনারা যে আঘাত দিয়েছে সেই আঘাতের বহিঃপ্রকাশ ঘটবে আগামী লোকসভা নির্বাচনে ভোটের মধ্য দিয়ে। সেজন্য আমরা আশাবাদী কোনো কারণেই অসমের ১৪ টি আসনে বিজেপি জোট জয়ী হবে না।’
আজিজুর রহমান বলেন, ‘আমরা এরইমধ্যে গোটা অসমে প্রচারণা শুরু করেছি যে এই ফ্যাসিবাদী বিজেপি যারা সবসময় পুঁজিবাদীদের সঙ্গে থাকে, গরীবের সঙ্গে থাকে না। অসমের বেশিরভাগ মানুষ গরীব। পুঁজিবাদীর পৃষ্ঠপোষক ফ্যাসিবাদী বিজেপিকে কেউ সমর্থন করবেন না। ওরা নাগরিকত্ব সংশোধনী বিলের মধ্য দিয়ে বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে লোকজনকে নিমন্ত্রণ করে অসমের জনবিন্যাসকে নষ্ট করার জন্য প্রচেষ্টা চালাচ্ছেন। এর বিরুদ্ধে ইতিমধ্যেই অসমের সর্বস্তরে, সর্বজাতির মানুষ ঐক্যবদ্ধ হয়েছে। অসমে তিন দফায় আগামী লোকসভার যে নির্বাচন হবে তাতে মানুষ ভোটের মাধ্যমে বিজেপি, অমিত শাহ, নরেন্দ্র মোদি, আরএসএসকে উচিত জবাব দেবে বলে আমরা আশবাদী।’
২০১৪ সালের লোকসভা নির্বাচনে অসমে বিজেপি ৭, কংগ্রেস ৩, এআইইউডিএফ ৩ এবং অন্যরা ১টি আসন পেয়েছিল। রাজ্যটিতে বিজেপি ৩৬.৮৬ শতাংশ, কংগ্রেস ২৯.৯ শতাংশ, এআইইউডিএফ ১৪.৯৮ শতাংশ, এজিপি ৩.৮৭ শতাংশ, বিএপিএফ ২.২১ শতাংশ এবং অন্যান্য ও নোটা ১২.১৮ শতাংশ ভোট পেয়েছিল।#
পার্সটুডে/এমএএইচ/এআর/২৮