জম্মু-কাশ্মিরে আলাদা প্রেসিডেন্ট-প্রধানমন্ত্রী হতে দেবো না: অমিত শাহ
https://parstoday.ir/bn/news/india-i69336-জম্মু_কাশ্মিরে_আলাদা_প্রেসিডেন্ট_প্রধানমন্ত্রী_হতে_দেবো_না_অমিত_শাহ
ভারতের বিজেপি সভাপতি অমিত শাহ বলেছেন, মেহবুবা ও ওমর আলাদা প্রধানমন্ত্রী চাচ্ছেন কিন্তু বিজেপি তা হতে দেবে না। লোকসভা নির্বাচন উপলক্ষে গতকাল (বুধবার) জম্মু-কাশ্মিরে দলীয় সমাবেশে ভাষণ দেয়ার সময় ওই মন্তব্য করেন।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
এপ্রিল ০৪, ২০১৯ ০৮:৪৫ Asia/Dhaka
  • বিজেপি সভাপতি অমিত শাহ
    বিজেপি সভাপতি অমিত শাহ

ভারতের বিজেপি সভাপতি অমিত শাহ বলেছেন, মেহবুবা ও ওমর আলাদা প্রধানমন্ত্রী চাচ্ছেন কিন্তু বিজেপি তা হতে দেবে না। লোকসভা নির্বাচন উপলক্ষে গতকাল (বুধবার) জম্মু-কাশ্মিরে দলীয় সমাবেশে ভাষণ দেয়ার সময় ওই মন্তব্য করেন।

সুন্দেরবানীতে ভাষণ দেয়ার সময় অমিত শাহ বলেন, ‘যদি আপনারা নরেন্দ্র মোদি সরকারকে নির্বাচিত করেন তাহলে আগামী পাঁচ বছরে আমরা দেশ থেকে প্রত্যেক অনুপ্রবেশকারীকে বের করে দেবো। অনুপ্রবেশকারীরা আমাদের দেশকে উইপোকার মতো খাচ্ছে। ওরা জম্মুর জনবিন্যাসকে পরিবর্তন করতে চাচ্ছে। কিন্তু যতদিন বিজেপি সরকার আছে আমরা তা হতে দেবো না।’

অমিত শাহ কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীকে কটাক্ষ করে বলেন, ‘(পাকিস্তানে) এয়ার স্ট্রাইক রাহুল বাবার হজম হচ্ছে না। ওঁর গুরু শ্যাম পিত্রোদা বলছেন কিছু মানুষের কাজকর্মের জন্য কোনও দেশে হামলা করা উচিত নয়।’ শ্যাম পিত্রোদাকে কটাক্ষ করে তিনি বলেন, ‘কেন পাকিস্তানের লোকেরা কি আপনার চাচাতো ভাই?’   

ন্যাশনাল কনফারেন্সের সহ-সভাপতি ওমর আব্দুল্লাহ

অমিত শাহ উধমপুরে এক সমাবেশে ভাষণ দেয়ার সময় বলেন, ‘মেহবুবা ও ওমর (মেহবুবা মুফতি পিডিপি প্রধান, ওমর আব্দুল্লাহ ন্যাশনাল কনফারেন্সের সহ-সভাপতি) চাচ্ছেন জম্মু-কাশ্মিরে আলাদা প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী হোক। কিন্তু যতদিন বিজেপি আছে আমরা এটা হতে দেবো না। ওমর আব্দুল্লাহ বলছেন ৩৫-এ ধারা স্পর্শ করলে জম্মু-কাশ্মিরে আলাদা প্রধানমন্ত্রী করতে হবে। কেন আপনি তৈরি করবেন নাকি? আপনি তৈরি করবেন আর আমরা চুপ করে বসে থাকব? ওমর আব্দুল্লাহ শুনে রাখুন যতক্ষণ বিজেপি আছে জম্মু-কাশ্মিরকে দেশ থেকে কেউ আলাদা করতে পারবে না। ওমর, মেহবুবা, রাহুল বাবা শুনে নিন জম্মু-কাশ্মিরের মধ্যে আলাদা প্রধানমন্ত্রী দেখার স্বপ্ন কখনো পূর্ণ হবে না।’ রাজ্যটিতে ন্যাশনাল কনফারেন্স ও কংগ্রেস জোটবদ্ধ হয়ে নির্বাচনে লড়ছে।   

অমিত শাহ বলেন, ‘এই নির্বাচনে মানুষকে সিদ্ধান্ত নিতে হবে সন্ত্রাসীদের সমর্থনকারী কংগ্রেসকে চান, না ‘আফস্পা’কে সমর্থনকারী বিজেপি সরকার চান? কংগ্রেসের একটা কথা বোঝা উচিত দেশের মধ্যে ভারতমাতাকে টুকরো করার স্লোগানদাতাদের ছাড়া হবে না। তাদের স্থান কেবল কারাগারে।’ দেশকে বিজেপি কখনো ভাঙতে দেবে না বলেও অমিত শাহ মন্তব্য করেন।    

মেহবুবা মুফতি

অন্যদিকে, বিজেপি সভাপতি অমিত শাহ ২০২০ সালের মধ্যে ৩৫-এ ধারা বাতিল করা সম্পর্কে যে মন্তব্য করেছেন সে সম্পর্কে বুধবার পিডিপি নেত্রী মেহবুবা মুফতি বলেছেন, জম্মু-কাশ্মিরের ভারতে যুক্ত যাওয়ার নিয়ম ও শর্তে পরিবর্তন করা হলে রাজ্যের সঙ্গে দেশের সম্পর্ক শেষ হয়ে যাবে।

বুধবার ন্যাশনাল কনফারেন্স সভাপতি ডা. ফারুক আব্দুল্লাহ দলীয় সমর্থকদের উদ্দেশে ভাষণে বলেন, কেবল সামরিক শক্তিতে তাদেরকে দাবিয়ে রাখ যাবে না। কেন্দ্রীয় সরকারকে সংবিধান প্রদত্ত মানুষের অধিকারকে ফিরিয়ে দিতে হবে।

তিনি বলেন, ভারত তাদের প্রতি সুবিচার করছে না। যদি সুবিচার করত তাহলে তাদের এই দিন দেখতে হতো না। প্রধানমন্ত্রীকে বলতে চাই উনি আমাদের লোকেদের প্রতি সুবিচার করুন। আমরা আমাদের অধিকার ছাড়া কিছু চাই না। আমরা আপনাকে চাই না, আমাদের অধিকার চাই। কাশ্মিরিদের অধিকার ফিরিয়ে দেয়া ছাড়া নয়াদিল্লির কাছে কোনও বিকল্প নেই এবং রাজ্যটিতে ১৯৫৩ সালের পূর্বাবস্থা ফিরে এলে সেখানে শান্তি ফিরে আসবে বলেও ডা. ফারুক আব্দুল্লাহ মন্তব্য করেন।#   

পার্সটুডে/এমএএইচ/এআর/৪