শ্রীনগরের জামিয়া মসজিদ ‘সিল’, মীরওয়াইজ ওমর গৃহবন্দি
ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরে রাজধানী শ্রীনগরের ঐতিহাসিক জামিয়া মসজিদ ‘সিল’ করে দিয়েছে কর্তৃপক্ষ। আজ (শুক্রবার) সকালে কর্তৃপক্ষ ঐতিহাসিক ওই মসজিদটি ‘সিল’ করে দেয়ার ফলে সেখানে জুমা নামাজ অনুষ্ঠিত হতে পারেনি।
অন্যদিকে, রাজ্যের প্রধান ধর্মীয় নেতা মীরওয়াইজ ওমর ফারুককে পুলিশ গৃহবন্দি করেছে। আজ সকালে তাঁকে গৃহবন্দি করা হয়। বিশিষ্ট আলেম মীরওয়াইজ ওমর ফারুক ঐতিহাসিক জামিয়া মসজিদে জুমার খুতবা দিয়ে থাকেন।
প্রত্যক্ষদর্শীরা বলছেন, জামিয়া মসজিদে মানুষজন যাতে জুমা নামাজে না যেতে পারেন সেজন্য নৌহাট্টা এলাকায় প্রচুরসংখ্যক নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়। পুলিশের একটি সূত্রকে উদ্ধৃত করে গণমাধ্যমে প্রকাশ, শ্রীনগর কেন্দ্রীয় কারাগারে সহিংসতার কারণে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে আইনশৃঙ্খলা রক্ষার জন্য ওই পদক্ষেপ নেয়া হয়েছে।
এদিকে, শ্রীনগর জামিয়া মসজিদ ‘সিল’ করার তীব্র নিন্দা করে একে অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন মীরওয়াইজ ওমর ফারুক।
আজ উত্তর কাশ্মিরের কুপওয়াড়া জেলায় সেনাবাহিনীর একটি ক্যাম্পে বিস্ফোরণের ঘটনায় দুই সেনা সদস্য আহত হয়েছেন। ঠিক কী কারণে ওই বিস্ফোরণ তা খতিয়ে দেখছে পুলিশ।
অন্যদিকে, আজ ভারত ও পাকিস্তানি সেনাবাহিনীর মধ্যে তীব্র গোলাগুলিবর্ষণের ঘটনা ঘটেছে। জম্মু-কাশ্মিরের রাজৌরি জেলায় নিয়ন্ত্রণরেখা বরাবর উভয়পক্ষের মধ্যে গুলি বিনিময় হয়।
প্রতিরক্ষা মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল দেবেন্দর আনন্দ বলেন, নৌশেরা সেক্টরে পাকিস্তানি সেনাবাহিনী বিনা প্ররোচনায় মর্টার শেল নিক্ষেপের পাশাপাশি ছোট অস্ত্রের সাহায্যে গুলিবর্ষণ করেছে। ভারতীয় সেনাবাহিনী যথাযথভাবে ওই ঘটনার জবাব দিয়েছে।#
পার্সটুডে/এমএএইচ/এআর/৫