‘এক্সপায়ারি প্রধানমন্ত্রী’ ৫ বছরে দেশকে লুট করেছেন: মমতা
-
মমতা বন্দ্যোপাধ্যায়
ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘এক্সপায়ারি প্রধানমন্ত্রী’ পাঁচ বছরে দেশকে লুট করেছেন। লোকসভা নির্বাচন উপলক্ষে গতকাল (শুক্রবার) দার্জিলিংয়ের নকশালবাড়িতে ভাষণ দেয়ার সময় তিনি ওই মন্তব্য করেন।
মমতা বলেন, ‘বাংলাই পথ দেখাবে। বাংলাই জেতাবে এবং বাংলাই আগামী সরকার গড়বে।’ তিনি বলেন, ‘আমরা পাহাড়কে (দার্জিলিং) শান্ত করি আর বিজেপি দিল্লি থেকে আগুন লাগায়। আমরা পাহাড়কে শান্ত করি আর সিপিএম, বিজেপিকে সমর্থন দিয়ে আগুন লাগায়। আমরা পাহাড়কে শান্ত করি কিন্তু কংগ্রেস ওদেরকে সমর্থন করে, অক্সিজেন দেয়। বিজেপির সঙ্গে সিপিএম ও কংগ্রেসের বোঝাপড়া রয়েছে।’
এবারের নির্বাচন খুব তাৎপর্যপূর্ণ উল্লেখ করে মমতা বলেন, ‘এক্সপায়ারি প্রধানমন্ত্রী পাঁচ বছরে চা বাগান থেকে শিল্প, কিভাবে দেশকে লুট করেছেন মানুষ তা দেখেছেন। বিজেপি ২০১৬ সালের বিধানসভা নির্বাচনের আগে বলেছিল নির্বাচনে জিতে সাতটি চা বাগান খুলে দেবে। মাদারিহাটে বিজেপি জিতেছে, কিন্তু ওরা কোন কাজ করেনি।’
বিজেপির সমালোচনা করে মমতা বলেন, ‘যারা গত পাঁচ বছরে আপনাদের জন্যে কিছুই করেনি, তারা সারাজীবনেও কিছু করবে না। নির্বাচনের সময় ওরা বসন্তের কোকিলের মত টাকার ভাণ্ডার নিয়ে এসেছে। ওই টাকাটা কার? নোট বাতিলের সময় যে টাকা লুট হয়েছিল, সেই টাকা।’
তিনি প্রধানমন্ত্রীকে ‘চৌকিদার’ উল্লেখ করে বলেন, ‘আমরা আসল চৌকিদারকে সম্মান করি, ‘মিথ্যেবাদী চৌকিদার’কে সম্মান করি না। আমাদের প্রধানমন্ত্রী তো শুধুই বিদেশে ভ্রমণ, বিভেদমূলক রাজনীতি করেন আর বড় বড় কথা বলেন, কী কাজ করেন?’
মমতা বলেন, ‘আমরা দাঙ্গা, ঝগড়া, হত্যা, মারামারি চাই না। আমরা শান্তি চাই। আমরা চাই মানুষ একসাথে থাকুক, শান্তিতে থাকুক। সমতল ও পাহাড় একসাথে থাকলে তবেই আমাদের ভালো লাগে। বাংলায় পাহাড়ি, আদিবাসী, চা-শ্রমিক, সংখ্যালঘু, নারী, সবাই একসাথে থাকে। আমাদের মধ্যে কোনো তফাৎ নেই, এটাই আমাদের বাংলার ঐতিহ্য।’
তৃণমূল নেত্রী এদিন সাধারণ মানুষের উদ্দেশে সিপিএম, কংগ্রেসকে ভোট দিয়ে ভোট নষ্ট না করে, তারা যেন ‘ভূমিপুত্র’ অমর সিং রাইকে ভোট দেন সেই আহ্বান জানান।#
পার্সটুডে/এমএএইচ/এআর/৬