মোদির হাতে দেশ নিরাপদ নয়, সবচেয়ে বড় দেশদ্রোহী উনি: সূর্যকান্ত মিশ্র
https://parstoday.ir/bn/news/india-i69936-মোদির_হাতে_দেশ_নিরাপদ_নয়_সবচেয়ে_বড়_দেশদ্রোহী_উনি_সূর্যকান্ত_মিশ্র
ভারতের পশ্চিমবঙ্গের সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাতে দেশ নিরাপদ নয়। দেশের সবচেয়ে বড় দেশদ্রোহীর নাম নরেন্দ্র মোদি। লোকসভা নির্বাচন উপলক্ষে গতকাল (শনিবার) বিকেলে উত্তর ২৪ পরগনা জেলার গাইঘাটায় নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখার সময় তিনি ওই মন্তব্য করেন।
(last modified 2026-04-22T07:21:27+00:00 )
এপ্রিল ২৮, ২০১৯ ১৪:০০ Asia/Dhaka
  • সূর্যকান্ত মিশ্র
    সূর্যকান্ত মিশ্র

ভারতের পশ্চিমবঙ্গের সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাতে দেশ নিরাপদ নয়। দেশের সবচেয়ে বড় দেশদ্রোহীর নাম নরেন্দ্র মোদি। লোকসভা নির্বাচন উপলক্ষে গতকাল (শনিবার) বিকেলে উত্তর ২৪ পরগনা জেলার গাইঘাটায় নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখার সময় তিনি ওই মন্তব্য করেন।

সূর্যকান্ত বাবু জম্মু-কাশ্মিরের পুলওয়ামায় ভয়াবহ সন্ত্রাসী হামলায় সিআরপিএফ জওয়ানদের নিহত হওয়ার প্রসঙ্গ উল্লেখ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তীব্র সমালোচনায় সোচ্চার হন।

তিনি  বলেন, ‘উনি বলছেন, পুলওয়ামাতে জওয়ান মারা গেছে সুতরাং আমাকে ভোট দাও। প্রধানমন্ত্রী আপনার লজ্জা নেই! পুলওয়ামাতে জওয়ান মারা গেছে তাঁরা আমাদের বাড়ির ছেলে। যারা যুদ্ধে যায় তাঁরা যুদ্ধ চায় না। আর তারাই যুদ্ধ চায় যাদের কখনও যুদ্ধে যেতে হয় না। তাঁরা যখন মারা গেল কী চেয়েছিল তাঁরা? তাঁরা হেলিকপ্টারের পরিসেবা চেয়েছিল। আপনার সরকারের প্রতিরক্ষা দফতর বলেছিল হেলিকপ্টার হবে না। তাদের এয়ারবাস দেয়া হয়নি, তারা বাসে করে গিয়েছিল। গত পাঁচ বছরে যত নিরাপত্তা বাহিনী মারা গেছে তাঁর আগের পাঁচ বছরের তুলনায় দ্বিগুণেরও বেশি ছাড়িয়ে গেছে। এবং সেজন্য যদি দেশদ্রোহী কাউকে বলতে হয় প্রধানমন্ত্রী আপনাকে বলছি দেশের সবচেয়ে বড় দেশদ্রোহীর নাম নরেন্দ্র মোদি। কারণ আপনার সময়ে আমাদের দেশের নিরাপত্তা প্রত্যেকটা পদে আক্রান্ত হয়েছে। আমাদের দেশ আপনার হাতে নিরাপদ নয়। আপনি, পাকিস্তান, এনআরসি, নাগরিকত্ব আইন এসব কেন বলছেন?’

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করে সূর্যকান্ত মিশ্র বলেন, ‘আপনি বলছেন এখানে এনআরসি করতে দেবো না। উত্তরবঙ্গে আলিপুরদুয়ার, কুচবিহার প্রভৃতি জেলায় ৫০/৬০/১০০ বছর ধরে দেশ স্বাধীন হওয়ার আগে থেকে অসমের সীমান্তের ওপাশে মেয়েকে বিয়ে দিচ্ছে না? ওপারের ছেলে এসে এপাশের মেয়েকে বিয়ে করছে। এখন এনআরসিতে ওদের এত ফাইল মুখ্যমন্ত্রীর কাছে এসেছে। এত ফাইল গাদা করে মুখ্যমন্ত্রী চুপচাপ বসে আছেন! ওই লোকগুলোর সম্পর্কে যে রিপোর্ট দেয়ার কথা যে এরা আমার দেশের নাগরিক। আপনি আজ পর্যন্ত সেটাই দিতে পারলেন না!’  

তিনি মুখ্যমন্ত্রী মমতার উদ্দেশ্যে বলেন, ‘আপনি যখন বিজেপির সঙ্গে ছিলেন, তখন সংসদে সোমনাথ চট্টোপাধ্যায় স্পিকার ছিলেন, তখন আপনি কাগজ ছুঁড়ে মেরেছিলেন স্পিকারের চেয়ারের দিকে বাংলায় অনুপ্রবেশকারীরা ঢুকে যাচ্ছে এমন অভিযোগে। কিন্তু তখন অনুপ্রবেশকারীদের বিরোধিতা  করেছিলেন, আর এখন? গেরুয়া থেকে তৃণমূল এবং তৃণমূল থেকে গেরুয়া হতে বেশি সময় লাগে না। প্রধানমন্ত্রী মোদি পাকিস্তান-পাকিস্তান করলেও সেদেশের প্রধানমন্ত্রী ইমরান খান তিনিই বলছেন মোদি ভালো প্রধানমন্ত্রী তাঁরা মোদিকে আরেকবার প্রধানমন্ত্রী দেখতে চান!’   

এদিনের ওই জনসভায় বনগাঁ লোকসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী অলকেশ দাস, বনগাঁর সাবেক বিধায়ক পঙ্কজ ঘোষসহ বামফ্রন্টের অন্য নেতারা উপস্থিত ছিলেন।#

পার্সটুডে/এমএএইচ/বাবুল আখতার/২৮