গণতন্ত্রের থাপ্পড় মন্তব্য করে সীমালঙ্ঘন করেছেন মমতা: সুষমা স্বরাজ
-
সুষমা স্বরাজ
ভারতে লোকসভা নির্বাচনের প্রচারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্দেশ্যে মিথ্যাচারের অভিযোগে তাঁকে ঠাসিয়ে গণতন্ত্রের থাপ্পড় দেয়ার কথা বলায় পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ মুখ্যমন্ত্রী মমতার বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। মমতাজি ‘সমস্ত সীমালঙ্ঘন করেছেন’ বলে সুষমা স্বরাজ মন্তব্য করেছেন।
সুষমা বলেছেন, আপনি রাজ্যের মুখ্যমন্ত্রী এবং মোদিজি দেশের প্রধানমন্ত্রী। আগামীতে তাঁর সঙ্গে কথা বলতে হবে। তিনি উর্দু কবি বশির বদরের কবিতা উদ্ধৃত করে বলেন, ‘আপনি যত খুশি রেগে যেতে পারেন, কিন্তু আমি আপনাকে শুধু একটাই অনুরোধ করব, পরে কোনওদিন যদি আমরা কখনও বন্ধু হই, তাহলে সে দিন যেন লজ্জা পাবেন না।’
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বিজেপি সভাপতি অমিত শাহ রাজ্যে লোকসভা নির্বাচনের প্রচারে এসে বারবার তৃণমূলের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ করেছেন। সেই অভিযোগের জবাবে গতকাল (মঙ্গলবার) পুরুলিয়ার সাঁতুড়ির জনসভায় মমতা প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বলেন, ‘মোদিবাবুরা যখন বাংলায় এসে বলেন তৃণমূল ‘তোলাবাজ’, মনে হয় ঠাসিয়ে একটা ‘গণতন্ত্রের থাপ্পড়’ দিই। নোট বাতিল করে মানুষের টাকা নিজেদের পকেটে কারা ঢুকিয়েছে? কারা তোলাবাজি করে?’
এরপরেই এদিন গভীর রাতে কেন্দ্রীয় মন্ত্রী সুষমা স্বরাজ সামাজিক যোগাযোগ মাধ্যমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করে উনি সমস্ত সীমা লঙ্ঘন করেছেন বলে মন্তব্য করেন।
এরআগে কংগ্রেসের সভাপতি রাহুল গান্ধীর বাবা প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধীকে এক নম্বর দুর্নীতিগ্রস্ত বলে মন্তব্য করার অভিযোগে প্রায় সব বিরোধীদল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সমালোচনা করলেও বিজেপির পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি। এ প্রসঙ্গে সুষমা স্বরাজ কোনো মন্তব্য না করে মমতার মন্তব্য নিয়ে কথা বলায় বিহারের আরজেডি নেতা তেজস্বী যাদব গতকাল মঙ্গলবার তাঁর সমালোচনা করেছেন। তেজস্বী বলেছেন সব সত্যি জানা সত্ত্বেও চুপ করে আছেন এবং উল্টে মমতাজির সম্পর্কে কথা বলছেন!#
পার্সটুডে/এমএএইচ/বাবুল আখতার/৮