ভারতে লোকসভার ষষ্ঠ দফার নির্বাচনে পশ্চিমবঙ্গে বিক্ষিপ্ত সহিংসতা
ভারতে লোকসভার ষষ্ঠ দফার নির্বাচনে পশ্চিমবঙ্গে বিক্ষিপ্ত সহিংস ঘটনা ঘটেছে। আজ (রোববার) পশ্চিমবঙ্গ, বিহার, মধ্য প্রদেশ, হরিয়ানা, ঝাড়খণ্ড, উত্তর প্রদেশ ও দিল্লিতে মোট ৫৯ আসনে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ৯৭৯ জন প্রার্থীর জন্য ভোটার রয়েছেন ১০ কোটি ১৭ লাখ ৮২ হাজার ৪৭২ জন।
আজ দিল্লির মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল মানুষজনের উদ্দেশ্যে ঘৃণা ও বিদ্বেষ সৃষ্টিকারীদের বিরুদ্ধে ভোট দেয়ার আহ্বান জানিয়ে বলেছেন, দিল্লির উন্নয়নে বাধা সৃষ্টিকারীদের ভোট দেবেন না। মানুষের ভোটে দেশে পরিবর্তন সৃষ্টি হতে পারে।
কেজরিওয়াল বলেন, ‘দিল্লিকে যারা পূর্ণ রাজ্যের মর্যাদা দেবে তাদেরকে আমরা সমর্থন করতে প্রস্তুত। আমাদের একমাত্র উদ্দেশ্য মোদি-শাহ (প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বিজেপি সভাপতি অমিত শাহ) জুটিকে ক্ষমতায় ফেরা বন্ধ করা। বিজেপি বাদে কেন্দ্রীয় সরকারে যেই ক্ষমতায় আসুক তাতে কোনও সমস্যা নেই।’
এদিকে, আজ ভোট গ্রহণ কেন্দ্রে দলীয় এজেন্ট ঢোকাতে গিয়ে পশ্চিমবঙ্গের ঘাটালের বিজেপি প্রার্থী ভারতী ঘোষের সঙ্গে তৃণমূলের নারী সমর্থকের মধ্যে তুমুল ধস্তাধস্তি হয়। কেশপুরে তৃণমূলের নারী কর্মীরা মারমুখী হয়ে উঠলে কেন্দ্রীয় বাহিনী তাঁকে ঘিরে নিরাপত্তা বলয় তৈরি করে আক্রমণের হাত থেকে রক্ষা করার চেষ্টা করে। যদিও তাতেও শেষরক্ষা হয়নি ভারতী ঘোষের। তিনি এক পর্যায়ে মাটিতে পড়ে যান। তাঁর নিরাপত্তারক্ষীরা তাঁকে উদ্ধার করে দাঁড় করালেও পায়ে আঘাত পেয়ে কেঁদে ফেলেন বিজেপি’র প্রভাবশালী প্রার্থী ও সাবেক পুলিশ কর্মকর্তা ভারতী দেবী।
তিনি আজ কেশপুরের দোগাছিয়া এলাকাতেও স্থানীয় মানুষজনের ব্যাপক বিক্ষোভের মুখে পড়েন। এলাকাবাসীর ইটবৃষ্টির ফলে ভারতী ঘোষের এক নিরাপত্তারক্ষী আহত হন। পুলিশ এসময় মারমুখী জনতাকে নিয়ন্ত্রণ করতে লাঠিচার্জ করে। পরে তাঁর নিরাপত্তারক্ষী গুলিবর্ষণ করলে বখতিয়ার খান নামে এক তৃণমূল কর্মী আহত হন বলে অভিযোগ। আহত বখতিয়ারকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ একাধিকবার ভারতী দেবী বিক্ষোভের মুখে পড়ায় রাজ্যে ক্ষমতাসীন তৃণমূল নেতা শুভেন্দু অধিকারীর অভিযোগ, এটা জনরোষের প্রতিফলন। এতদিন ভারতী যেভাবে জুলুম করে তোলা আদায় করেছেন, তারই জবাব দিচ্ছে মানুষ।#
পার্সটুডে/এমএএইচ/এআর/১২