মোদি বাবুকে বিনাযুদ্ধে একইঞ্চি জমিও ছাড়ব না : মমতা
https://parstoday.ir/bn/news/india-i70449-মোদি_বাবুকে_বিনাযুদ্ধে_একইঞ্চি_জমিও_ছাড়ব_না_মমতা
ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘মোদি বাবু বিনাযুদ্ধে একইঞ্চিও জমি তোমাকে আমরা ছাড়ব না।’ তিনি গতকাল (বৃহস্পতিবার) বিকেলে ডায়মন্ডহারবারে দলীয় সমাবেশে ভাষণ দেয়ার সময় ওই মন্তব্য করেন।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
মে ১৭, ২০১৯ ০৫:৪৮ Asia/Dhaka
  • মমতা বন্দ্যোপাধ্যায়
    মমতা বন্দ্যোপাধ্যায়

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘মোদি বাবু বিনাযুদ্ধে একইঞ্চিও জমি তোমাকে আমরা ছাড়ব না।’ তিনি গতকাল (বৃহস্পতিবার) বিকেলে ডায়মন্ডহারবারে দলীয় সমাবেশে ভাষণ দেয়ার সময় ওই মন্তব্য করেন।

বিজেপি-আরএসএস সম্পর্কে সবাইকে সাবধান করে দিয়ে তৃণমূল নেত্রী মমতা বলেন, ‘বিজেপির লোকেদের কথায় দাঙ্গা বাধাতে দেবেন না মা-বোনেরা। এটাই ওদের শেষ খেলা। এই ক’দিনের মধ্যে ওরা দাঙ্গা বাধাবে। এরপরে বলবে হিন্দু-মুসলিম আলাদা হয়ে যাও। দাঙ্গা হিন্দুও বাধাবেন না, মুসলিমও বাধাবেন না। আরএসএসের কিছু লোক হিন্দু সেজে আসছে। আর দুয়েকটা মুসলিম সাজিয়ে আরএসএসের লোককে পোশাক পরে পাঠাচ্ছে। এটা মাথায় রাখবেন। কিছুদিন আগে বাচ্চা চুরি হওয়ার কথা রটিয়েছিল, ওটা আরএসএসের খেলা ছিল, ওটা বিজেপি’র খেলা ছিল। মাথায় রাখবেন, মনে রাখবেন। দাঙ্গা করতে দেবেন না।’

মমতা উপস্থিত সকলকে নিয়ে শ্লোগান তুলে বলেন, ‘চাই না চাই না, বিজেপিকে চাই না’, ‘আর না আর না, বিজেপিকে চাই না’, ‘দাঙ্গাবাজদের চাই না’, ‘যুদ্ধবাজদের চাই না’, ‘রক্তবাজদের চাই না’, ‘লিঞ্চিংয়ের লোকেদের চাই না’, ‘গো-রক্ষকদের চাই না’, ‘দেশ ভাগের লোকেদের চাই না’,  গুণ্ডাদের চাই না’, ‘মোদিকে চাই না, চাই না, চাই না’।’

মমতা বলেন, ‘বঙ্গজননী, বঙ্গকন্যা, বঙ্গমাতা আপনাদেরই আগামীদিনে বিজেপিকে রুখতে হবে। একটা ভোটও ওদের দেবেন না। ওরা টাকার জোর দেখাচ্ছে! নোট বাতিল করে দিয়ে জনগণের টাকা নিয়ে, টাকা মাটি, মাটি টাকা। করছে শুধু ফাঁকা। আর হবে না।’

তিনি বলেন, ‘উল্টে দিন, পাল্টে দিন, দিল্লির সরকার পাল্টে দিন। বদলে দিন, বদলে দিন, বিজেপি সরকার বদলে দিন। আর না, আর না অনেক হয়েছে নরেন্দ্র মোদি। আর নয় অত্যাচার। তুমি একজন ‘দুরাচারী’, তুমি একজন ‘স্বৈরাচারী’, তুমি একজন ‘অত্যাচারী’, তুমি ‘অহংকারী’। তোমার মতো লোক ভারতের মাটিতে শোভা পায় না! তুমি যাও, তাড়াতাড়ি বিদায় নাও। যত তাড়াতাড়ি বিদায় নাও তত ভালো।’

মমতা উপস্থিত জনতার উদ্দেশ্যে জোড়াফুলে ভোট দিয়ে বিজেপিকে গণতান্ত্রিকভাবে কবর দেয়ার আহ্বান জানান।#

পার্সটুডে/এমএএইচ/এআর/১৭