পশ্চিমবঙ্গে আক্রান্ত বনমন্ত্রী, বিক্ষোভের মুখে উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী
-
রবীন্দ্রনাথ ঘোষ
ভারতের পশ্চিমবঙ্গের বনমন্ত্রী বিনয়কৃষ্ণ বর্মণ একদল হামলাকারীদের হাতে আক্রান্ত হয়েছেন। অন্যদিকে, উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ বিক্ষোভের মুখে পড়েছেন।
লোকসভা নির্বাচনে বিজেপি পশ্চিমবঙ্গে ভালো ফল করার পর থেকে রাজ্যটিতে ক্ষমতাসীন তৃণমূল ও বিরোধী বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে রাজনৈতিক সহিংসতা বেড়েছে। এক্ষেত্রে উভয়দলই পরস্পরের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগ করেছে।
গতকাল (শনিবার) সন্ধ্যায় কুচবিহারের মাথাভাঙার শোলমারি এলাকায় লোকসভা নির্বাচন পরবর্তী পরিস্থিতি পর্যালোচনা করার সময় বনমন্ত্রী বিনয়কৃষ্ণ বর্মণের উপরে একদল লোক হামলা চালায়। তৃণমূলের কার্যালয় ভাঙচুর করাসহ মন্ত্রীর গাড়িতেও ভাঙচুর চালায় তারা। ঘটনার খবর পেয়ে ঘোকসাডাঙা থানার বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছে মন্ত্রীকে উদ্ধার করে নিয়ে যায়।
বনমন্ত্রীর অভিযোগ, বিজেপি কর্মীরা ওই হামলা চালিয়েছে এবং পুলিশ না থাকলে তিনি জীবিত ফিরে আসতে পারতেন না। বনমন্ত্রী বলেন, ‘বড় শোলমারিতে দলীয় কার্যালয়ে পর্যালোচনা বৈঠকে বসামাত্রই প্রায় পাঁচশ'রও বেশি বিজেপি কর্মী-সমর্থক কার্যালয় ঘিরে ধরে ইট-পাটকেল ছুঁড়তে থাকে। ঘণ্টা দু’য়েক পরে যখন পুলিশের সাহায্যে এলাকা থেকে বেরোচ্ছিলেন, তখন তাঁকে বিজেপি কর্মীরা হেনস্তা করেন।’
বিজেপি সভাপতি মালতি রাভা অবশ্য ওই অভিযোগ অস্বীকার করে বলেন, ‘ওই ঘটনার সঙ্গে বিজেপি’র কোনো যোগ নেই। বিক্ষুব্ধ তৃণমূলীরা হয়তো গেরুয়া আবির মেখে এ ধরনের ঘটনা ঘটিয়েছে।’
এদিকে ওই ঘটনার পরে ক্ষুব্ধ বনমন্ত্রী বিনয় কৃষ্ণ বর্মন বিজেপি’র উদ্দেশ্যে ক্ষোভ প্রকাশ করে বলেন, ওরা 'গণতন্ত্র', 'গণতন্ত্র' বলে চিৎকার করে, কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করিয়েছে। কিন্তু, এখন ওদের আসল চরিত্রটা বেরিয়ে আসছে।
অন্যদিকে, শনিবার বিকেলে দিনহাটায় একদল বিক্ষোভকারীর ক্ষোভের মুখে পড়েন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। দিনহাটায় বিজেপির হাতে আক্রান্ত কর্মীদের খোঁজখবর নিয়ে ফেরার পথে শালমারা এলাকায় বিক্ষোভের মুখে পড়েন তিনি। তাঁকে ঘিরে বিজেপি কর্মী সমর্থকরা বিক্ষোভ দেখান। উত্তেজিত জনতা দিনহাটার শালমারা বাজারের কাছে দীর্ঘক্ষণ মন্ত্রীর কনভয় আটকে রাখে। পরে বিশাল পুলিশবাহিনী পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় উত্তেজনা থাকায় ‘র্যাফ’ নামানো হয়।#
পার্সটুডে/এমএএইচ/এআর/২৬