খেজুরিতে বিক্ষোভের মুখে তৃণমূল বিধায়ক: ‘র্যাফ’ ও কমব্যাট ফোর্স মোতায়েন
ভারতের পশ্চিমবঙ্গের শাসকদল তৃণমূলের খেজুরি ক্ষেত্রের বিধায়ক রণজিৎ মণ্ডল বিজেপি কর্মী-সমর্থকদের বিক্ষোভের মুখে পড়লেন। আজ (রোববার) তিনি খেজুরি এলাকার কণ্ঠিবাড়িতে যেতে গেলে, রাস্তায় বিধায়কের পথ আটকে দাঁড়ান কয়েকশ’ বিজেপি কর্মী-সমর্থক। তারা বিধায়কের গাড়ি ঘিরে ধরে বিক্ষোভ প্রদর্শন করেন।
বিক্ষোভকারীদের অভিযোগ, ভোটের ফল বেরোনর পর থেকেই এলাকায় অশান্তি বাধানোর চেষ্টা করছে তৃণমূল। তৃণমূল নেতা-কর্মীরা এলাকায় বিজেপি কর্মীদের হুমকি দিচ্ছেন। তৃণমূল দল করতে তাদেরকে জোর করা হচ্ছে। খেজুরি থানার পুলিশ ওই বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে এলেও তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সমর্থ হয়নি। ঘটনাস্থলে পাঠানো হয় ‘র্যাফ’ ও কমব্যাট ফোর্স। অবশেষে বিশাল পুলিশ বাহিনীর সাহায্যে কণ্ঠিবাড়ি এলাকা থেকে বিধায়ক রণজিৎ মণ্ডলকে ঘেরাও মুক্ত করা হয়।
রণজিৎ বাবু পরে হলুদবাড়ি এলাকায় গেলেও সেখানেও একইভাবে তার গাড়ি ঘিরে ধরে বিজেপি কর্মীরা বিক্ষোভ প্রদর্শন করলে তিনি পথে আটকে পড়েন। অবশেষে তিনি ওই এলাকায় না ঢুকে ঘটনাস্থল ত্যাগ করতে বাধ্য হন। এদিন বীরবন্দর এলাকাতেও রাস্তায় গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করেন বিজেপি কর্মী-সমর্থকরা। প্রায় এক ঘণ্টা পরে পুলিশের মধ্যস্থতায় শেষমেশ অবরোধ উঠে যায়।
তৃণমূল বিধায়ক রণজিৎ বাবু ওই এলাকায় সিপিএমের সমর্থকরা বিজেপির পতাকা সামনে রেখে অশান্তি করছে বলে অভিযোগ করলেও বিজেপি ওই অভিযোগ অস্বীকার করেছে।
গত শুক্রবার ও শনিবার ওই এলাকায় বিজেপি ও তৃণমূল সমর্থকদের মধ্যে বিক্ষিপ্ত সংঘর্ষ ও গোলযোগ হয়। তৃণমূল বিধায়ক রণজিৎ মণ্ডল আজ ওই এলাকা পরিদর্শনে গেলেই ‘জয় শ্রীরাম’ ধ্বনি দেয়া বিজেপি কর্মীদের বিক্ষোভের মুখে পড়েন।#
পার্সটুডে/এমএএইচ/বাবুল আখতার/২
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।