পাকিস্তানের সতর্কবার্তার পরই কাশ্মিরে আইইডি বিস্ফোরণ: দুই সেনা নিহত
-
ইমপ্রোভাইসড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি)
ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরে ইমপ্রোভাইসড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বিস্ফোরণে দুই সেনা সদস্য নিহত ও দুই বেসামরিক ব্যক্তি আহত হয়েছেন।
গতকাল (সোমবার) সন্ধ্যা ছ’টা নাগাদ দক্ষিণ কাশ্মিরের পুলওয়ামা জেলার আরিহাল গ্রামে সেনাবাহিনীর সাঁজোয়া গাড়ি লক্ষ্য করে সন্ত্রাসীরা বিস্ফোরণ ঘটালে ছয় সেনা সদস্য আহত হন। আহতদের মধ্যে দুই সেনা সদস্য আজ (মঙ্গলবার) চিকিৎসাধীন অবস্থায় শ্রীনগর সামরিক হাসপাতালে মারা গেছেন। প্রতিরক্ষা মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল রাজেশ কালিয়া ওই তথ্য নিশ্চিত করেছেন।
গতকাল সেনাবাহিনী জানিয়েছিল, সেনার সতর্কতার জন্যই সন্ত্রাসীরা বড় ক্ষতি করতে পারেনি। সন্ত্রাসীদের উদ্দেশ্য ব্যর্থ হয়েছে। অন্যদিকে, পুলিশের এক মুখপাত্র বলেছিলেন, বিস্ফোরণের ফলে পুলওয়ামার আরিহাল এলাকা দিয়ে সেনাবাহিনীর একটি ভ্রাম্যমান টহলযান যাওয়ার সময় ক্ষতিগ্রস্ত হয়েছে। পুলিশ এ ব্যাপারে একটি মামলা রুজু করে ওই ঘটনার তদন্ত শুরু করেছে।

প্রসঙ্গত, ওই ঘটনার একদিন আগে থেকেই জম্মু-কাশ্মিরে আইইডি বিস্ফোরণের আশঙ্কায় সতর্কতা জারি করা হয়েছিল। এরআগে পাকিস্তান জম্মু-কাশ্মিরে আইইডি হামলা হতে পারে বলে ভারত ও আমেরিকাকে জানিয়েছিল। এরপরেই জম্মু-কাশ্মিরে সমস্ত নিরাপত্তা বাহিনী সতর্ক হয়ে যায়। পাকিস্তান দক্ষিণ কাশ্মিরে সন্ত্রাসী হামলা হতে পারে ভারতকে জানায়।
গণমাধ্যমকে এক কর্মকর্তা বলেন, ‘ইসলামাবাদে ভারতের হাই কমিশনকে হামলার আশঙ্কার কথা জানিয়েছে পাকিস্তান। আমেরিকাকেও বিষয়টি জানায় পাকিস্তান। মার্কিন গোয়েন্দারাও তারপর আমাদের সতর্ক করে দেন।’ সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে সন্ত্রাসী জাকির মুসার মৃত্যুর বদলা নিতেই সন্ত্রাসীরা নতুন করে হামলা ষড়যন্ত্র করছে, এমন তথ্য হাতে এসেছে বলেও ওই কর্মকর্তা বলেন।
এদিকে, পাকিস্তানের সতর্কবার্তার পরেই ওই ঘটনায় উদ্বিগ্ন প্রশাসন। আগামী ৩০ জুন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জম্মু-কাশ্মির সফরে যাবেন। তার আগে গোটা রাজ্যের নিরাপত্তা পরিস্থিতি ফের খতিয়ে দেখতে চাচ্ছেন নিরাপত্তা বাহিনী ও প্রশাসনের কর্মকর্তারা।
এরআগে গত ১৪ ফেব্রুয়ারি জম্মু-কাশ্মিরের পুলওয়ামাতে সন্ত্রাসীরা আইইডি ভর্তি গাড়িবোমা বিস্ফোরণের মধ্য দিয়ে বড়সড় আত্মঘাতী হামলা চালালে কমপক্ষে ৪০ জন আধাসামরিক বাহিনী সিআরপিএফ জওয়ান নিহত হয়েছিল। ওই ঘটনাকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তানের মধ্যে সে সময় তীব্র উত্তেজনা সৃষ্টি সহ দু’দেশের সম্পর্কের অবনতি হয়।#
পার্সটুডে/এমএএইচ/এআর/১৮
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।