পশ্চিমবঙ্গে উত্তর প্রদেশ মডেলের এনকাউন্টারের হুঁশিয়ারি বিজেপি নেতাদের
ভারতের পশ্চিমবঙ্গে বিজেপিশাসিত উত্তর প্রদেশ মডেলের পুলিশি এনকাউন্টারের হুঁশিয়ারি দিলেন বিজেপি নেতারা। পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন তৃণমূলের সন্ত্রাস ও বিভিন্নস্থানে বিজেপি কর্মীদের হত্যার প্রতিবাদে বিজেপির ডাকে আজ (সোমবার) জেলায় জেলায় পুলিশ সুপারের দফতর ঘেরাও কর্মসূচি সম্পন্ন হয়েছে।
আজ বাঁকুড়ায় পুলিশ সুপারের দফতরের সামনে ধর্না-অবস্থান কর্মসূচিতে শামিল হন বিজেপি নেতা রাজু বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে, একই কর্মসূচিতে বসিরহাটে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক শায়ন্তন বসু। শায়ন্তন বসু ও রাজু বন্দ্যোপাধ্যায় উভয়েই এদিন পুলিশি এনকাউন্টারের হুঁশিয়ারি দেন।
শায়ন্তন বসু দুর্বৃত্তদের দমন প্রসঙ্গে বলেন, ‘হয় গ্রেফতার করতে হবে না হয় অথবা উত্তর প্রদেশ মডেল। কেউ বাংলাদেশে অথবা এখানে সেখানে পালিয়ে যাচ্ছে সেজন্য প্রয়োজনে গ্রেফতার নইলে এনকাউন্টার। এর বাইরে অন্য কোনও রাস্তা নেই। পশ্চিমবঙ্গে আইনশৃঙ্খলা রক্ষার জন্য আমরা উত্তর প্রদেশ মডেল কার্যকর করব।’
উত্তর প্রদেশে অপরাধমূলক কাজকর্ম বন্ধ করতে পুলিশি এনকাউন্টারে অনেক মানুষ নিহত হওয়ায় সেখানকার রাজ্য সরকার সমালোচনার মুখে পড়েছে।
বিজেপি নেতা শায়ন্তন বসু ও রাজু বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের পাল্টা জবাবে রাজ্যের খাদ্যমন্ত্রী ও তৃণমূল নেতা জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, ‘এরা নিজের এলাকায় জিততে পারে না। উনি তিন লাখ ভোটের ব্যবধানে লোকসভা নির্বাচনে হেরে গেছেন। এদেরকে পঞ্চায়েতে দাঁড় করালে পঞ্চায়েতেও জিততে পারবে না। ওরা সব বড় বড় কথা বলছে! ওরা একেবারে পাগলের দল। কোন মানুষকে কী বলতে হয়, কী ভাষা প্রয়োগ করতে হয় তাই জানে না। এদের কথার কে উত্তর দেবে? উন্মাদ, পাগল মানুষের কথার কেউ উত্তর দেয় নাকি?’ বিজেপি একেবারে প্রবঞ্চক ও ধাপ্পাবাজের দল হয়ে গেছে বলেও রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক মন্তব্য করেন।#
পার্সটুডে/এমএএইচ/এআর/২৪