কুচবিহারে তৃণমূল বিধায়কের গাড়ি ভাঙচুর, অভিযোগের আঙুল বিজেপির দিকে
https://parstoday.ir/bn/news/india-i71619-কুচবিহারে_তৃণমূল_বিধায়কের_গাড়ি_ভাঙচুর_অভিযোগের_আঙুল_বিজেপির_দিকে
ভারতের পশ্চিমবঙ্গের কুচবিহারের দিনহাটার তৃণমূল বিধায়ক উদয়ন গুহর গাড়ি ভাঙচুর করেছে অজ্ঞাত দুর্বৃত্তরা। আজ (রোববার) উদয়ন বাবুর গাড়ি লক্ষ্য করে দুর্বৃত্তরা ইটবৃষ্টি করলে গাড়িটির কাঁচ ভেঙে চুরমার হয়ে যায়। পরে স্থানীয়দের সাহায্যে এলাকা ছাড়েন ওই বিধায়ক।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
জুন ৩০, ২০১৯ ১৪:২২ Asia/Dhaka
  • (ইনসেটে) উদয়ন গুহ
    (ইনসেটে) উদয়ন গুহ

ভারতের পশ্চিমবঙ্গের কুচবিহারের দিনহাটার তৃণমূল বিধায়ক উদয়ন গুহর গাড়ি ভাঙচুর করেছে অজ্ঞাত দুর্বৃত্তরা। আজ (রোববার) উদয়ন বাবুর গাড়ি লক্ষ্য করে দুর্বৃত্তরা ইটবৃষ্টি করলে গাড়িটির কাঁচ ভেঙে চুরমার হয়ে যায়। পরে স্থানীয়দের সাহায্যে এলাকা ছাড়েন ওই বিধায়ক।

উদয়ন গুহর দাবি, তার উপরে হামলার নেপথ্যে বিজেপি রয়েছে। ওই অভিযোগ অস্বীকার করে বিজেপির পাল্টা দাবি, দলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই তার গাড়িতে হামলা হয়েছে।

আজ সকালে দলীয় কর্মসূচিতে যোগ দিতে দিনহাটা থেকে নয়ারহাটের দিকে যাচ্ছিলেন বিধায়ক উদয়ন গুহ। অভিযোগ, এসময় গোবরাছড়া এলাকায় কমপক্ষে ২০/২৫ জন বিজেপি সমর্থক দুর্বৃত্ত তার গাড়ি থামিয়ে হামলা চালায়। এসময় ঘটনাস্থল থেকে কোনোক্রমে বেরিয়ে থানায় আশ্রয় নিয়ে রক্ষা পান তিনি। তার অভিযোগ, বিজেপির ষড়যন্ত্রেই দুর্বৃত্তরা হামলা চালিয়েছে৷

এ ব্যাপারে উদয়ন বাবু বলেন, আমাদের মধ্যে কোনো গোষ্ঠী দ্বন্দ্ব নেই, কোনো বিরোধ নেই। আমরা যাতে ঐক্যবদ্ধভাবে সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে লড়াই করতে পারি, যেভাবে দিনহাটা, কুচবিহারসহ গোটা রাজ্যে গোলযোগ সৃষ্টি করার চেষ্টা হচ্ছে, তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা যায় সেজন্য মানুষের সঙ্গে কথা বলার চেষ্টা করছি। সেটাকে বন্ধ করার জন্য এধরণের একটা হীন চক্রান্ত আজ বিজেপি করেছে।

অন্যদিকে, রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ এমপি বলেছেন, এখন ওদের গোষ্ঠী দ্বন্দ্ব চরমে। যে অত্যাচার উনি দিনহাটার মানুষদের সঙ্গে করেছেন, তার ফল ভোগ করতে হচ্ছে।#

পার্সটুডে/এমএএইচ/এআর/৩০