পুরোহিতের ভাতা ১০০০০ হলে ইমামদের ২৫০০ কেন: কামরুজ্জামানের প্রশ্ন
https://parstoday.ir/bn/news/india-i71671-পুরোহিতের_ভাতা_১০০০০_হলে_ইমামদের_২৫০০_কেন_কামরুজ্জামানের_প্রশ্ন
ভারতের সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশনের সাধারণ সম্পাদক মুহাম্মাদ কামরুজ্জামান বলেছেন, পুরোহিতদের মাসিক ভাতা দশ হাজার টাকা হলে মসজিদের ইমামদের ভাতা আড়াই হাজার টাকা কেন? তিনি আজ (মঙ্গলবার) পশ্চিমবঙ্গের রাজধানী কোলকাতায় ওই প্রশ্ন তুলেছেন।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
জুলাই ০২, ২০১৯ ১৬:৩১ Asia/Dhaka
  • মুহাম্মাদ কামরুজ্জামান
    মুহাম্মাদ কামরুজ্জামান

ভারতের সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশনের সাধারণ সম্পাদক মুহাম্মাদ কামরুজ্জামান বলেছেন, পুরোহিতদের মাসিক ভাতা দশ হাজার টাকা হলে মসজিদের ইমামদের ভাতা আড়াই হাজার টাকা কেন? তিনি আজ (মঙ্গলবার) পশ্চিমবঙ্গের রাজধানী কোলকাতায় ওই প্রশ্ন তুলেছেন।

আজ মুহাম্মাদ কামরুজ্জামানসহ পাঁচ সদস্য সমন্বিত এক প্রতিনিধিদল কোলকাতায় ওয়াকফ বোর্ডের চেয়ারম্যানের উদ্দেশ্যে স্মারকলিপি দিয়ে চলতি জুলাই মাস থেকেই ইমামদের মাসিক দশ হাজার টাকা ভাতা দেয়ার দাবি জানিয়েছেন।

মুহাম্মাদ কামরুজ্জামান বলেন, ‘বর্তমান বাজার দর অনুযায়ী রাজ্য সরকার পুরোহিতদের মাসিক দশ হাজার টাকা ভাতা দেয়ার যে সিদ্ধান্ত নিয়েছে তাকে স্বাগত জানাচ্ছি। একইভাবে চলতি জুলাই মাস থেকে ইমামদের ভাতা দশ হাজার ও মুয়াজ্জিনদের ভাতা আট হাজার টাকা করতে হবে।’

তিনি বলেন, ‘পশ্চিমবঙ্গের ওয়াকফ বোর্ড থেকে রাজ্যের ইমামদের মাসিক  মাত্র আড়াই হাজার টাকা ও মুয়াজ্জিনদের মাসিক মাত্র এক হাজার টাকা ভাতা দেয়া হয়, বর্তমান বাজার দর অনুযায়ী যা অত্যন্ত কম। ভাতা বাড়ানোর জন্য এরআগে অনেকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়েও ফল হয়নি। সেজন্য আবারও বাজার দর অনুযায়ী ভাতা বাড়ানোর দাবি জানানো হয়েছে।’

পশ্চিমবঙ্গের কোলকাতা পৌরসভার অন্তর্গত বিভিন্ন শ্মশানে যেসব পুরোহিতরা দীর্ঘদিন ধরে নানা কাজের সঙ্গে যুক্ত, তাদেরকে কোলকাতার মেয়র ও রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম আগেই ভাতা দেয়ার কথা ঘোষণা  করেছিলেন। গতকাল (সোমবার) সেই পরিকল্পনা অনুযায়ী এই প্রকল্পের প্রথম পর্যায়ে ভাতা হিসেবে ২৭ জন ব্রাহ্মণের প্রত্যেককে ৯ হাজার ৫০০ টাকা করে চেক দেয়া হয়। মেয়র ফিরহাদ হাকিম ওই চেক পুরোহিতদের হাতে তুলে দেন।

শ্মশানে কর্মরত ব্রাহ্মণদের দৈনিক ৩৯৮ টাকা করে ভাতা দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। সেই হিসেবে মাসে প্রায় ১২ হাজার টাকা ভাতা পাবেন তারা।

এরপরেই এবার সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশনের পক্ষ থেকে ইমামদের মাসিক ভাতা দশ হাজার ও মুয়াজ্জিনদের মাসিক ভাতা আট হাজার টাকা দেয়ার দাবি জানানো হল।#

 

পার্সটুডে/এমএএইচ/এআর/২