গণপিটুনিতে মুসলিম হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান
ভারতের বিভিন্নস্থানে গণপিটুনিতে সংখ্যালঘু মুসলিম হত্যার প্রতিবাদে পশ্চিমবঙ্গের নলহাটিতে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ সমিতির পক্ষ থেকে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালিত হয়েছে।
সম্প্রতি গণপিটুনিতে নিহত তাবরেজ আনসারী, সানাউল সেখসহ অন্য সংখ্যালঘু মুসলিম হত্যাকারীদের দ্রুত বিচার করাসহ দশদফা দাবিতে আজ (বুধবার) নলহাটি-২ ব্লকের সমষ্টি উন্নয়ন কর্মকর্তাকে (বিডিও) স্মারকলিপি দিয়েছে সংশ্লিষ্ট ব্লকের ইমাম-মুয়াজ্জিন কল্যাণ সমিতি।
এদিনের বিক্ষোভ মিছিলে মাদ্রাসার ছাত্র-শিক্ষক, মুসল্লীসহ সাধারণ মানুষ শামিল হন। মিছিলকারীরা প্রতিবাদসূচক বিভিন্ন প্ল্যাকার্ড বহনের পাশপাশি কেন্দ্রীয় বিজেপি সরকার ও উগ্র হিন্দুত্ববাদীদের বিরুদ্ধে স্লোগান দেন। বিক্ষোভ মিছিলটি নলহাটির কাঁটাগড়িয়া মোড় থেকে শুরু করে গোটা লোহাপুর বাজার হয়ে বিডিও অফিসে শেষ হয়।
ইমাম-মুয়াজ্জিন কল্যাণ সমিতির পক্ষে সামশের আলী ও শামসুল হক বলেন, তাবরেজ আনসারী, সানাউল সেখের মত অন্য সংখ্যালঘু মুসলিম হত্যাকারীদের দ্রুত বিচার করতে হবে। এভাবে গণপিটুনিতে হত্যা মামলাগুলো দ্রুত বিচার আদালতের মাধ্যমে নিষ্পত্তি করতে হবে। দেশজুড়ে প্রশাসনিকস্তরে টোলফ্রি ফোন নম্বরের মাধ্যমে গণপিটুনি ও হামলার বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নিতে হবে। আক্রান্ত পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে পাঁচ কোটি টাকা দিতে হবে ও আক্রান্ত পরিবারকে সবধরণের আইনি সহায়তা দিতে হবে।
সংশ্লিষ্ট দাবিসম্বলিত স্মারকলিপি নলহাটি-২ ব্লকের সমষ্টি উন্নয়ন কর্মকর্তা রাজদ্বীপ শঙ্কর গৌতমের কাছে তুলে দেয়া হয়। তিনি এটি সংশ্লিষ্ট দপ্তরের কাছে পাঠিয়ে দেবেন বলে আন্দোলনকারীরা জানান।#
পার্সটুডে/এমএএইচ/এআর/১০