পুরোহিত ভাতা চালু করে বনগাঁ পৌর চেয়ারম্যান গণতন্ত্র হত্যা করেছেন: বিজেপি
-
দেবদাস মণ্ডল - শঙ্কর আঢ্য
ভারতের পশ্চিমবঙ্গের বনগাঁ পৌরসভাকে কেন্দ্র করে হাইকোর্টে মামলা চলাকালীন চেয়ারম্যানের পক্ষ থেকে পুরোহিত ভাতা চালু করে গণতন্ত্র হত্যা করা হয়েছে বলে বিজেপি অভিযোগ করেছে। আজ (রোববার) বিজেপির বারাসাত সাংগঠনিক জেলার সহ-সভাপতি দেবদাস মণ্ডল ওই অভিযোগ করেছেন।
দেবদাস মণ্ডল বলেন, বনগাঁ পৌরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থাকে কেন্দ্র করে হাইকোর্টে মামলা রয়েছে। এ সংক্রান্ত শুনানিও শেষ হয়েছে। আগামীতে রায় ঘোষণা হবে। কিন্তু এসবের মধ্যে অগণতান্ত্রিক ব্যবস্থার মধ্য দিয়ে যিনি বনগাঁ পৌরসভার চেয়ারম্যান ছিলেন, তিনি গতকাল (শনিবার) তিনটি বিষয় নিয়ে বোর্ড মিটিং ডেকে সিদ্ধান্ত নিলেন। যার মধ্যে পুরোহিত ভাতা চালু অন্যতম বিষয়। এভাবে গায়ের জোরে বোর্ড মিটিং করে হাই কোর্টকে অবমাননা করে উনি গণতন্ত্রকে হত্যা করেছেন।
গতকাল (শনিবার) বনগাঁ পৌরসভার চেয়ারম্যান ও তৃণমূল নেতা শঙ্কর আঢ্য দলীয় কাউন্সিলরদের নিয়ে বোর্ড মিটিং করে পৌর এলাকার বারোয়ারি মন্দিরের পুরোহিতদের মাসিক ভাতা চালু করার ঘোষণা দেন। এরফলে পৌর এলাকার প্রায় তিনশ’ বারোয়ারি মন্দিরের পুরোহিতরা পৌরসভা থেকে মাসিক সাম্মানিক ভাতা পাবেন। তাঁদেরকে পৌরসভার পক্ষ থেকে বিশেষ পরিচয়পত্রও দেয়া হবে।
চেয়ারম্যানের পক্ষ থেকে ওই ঘোষণা দেয়ার পরেই মাঠে নেমেছে বিজেপি। তাদের দাবি, পৌরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবকে কেন্দ্র করে কোলকাতা হাইকোর্টে মামলা চলছে। ওই মামলার শুনানিও শেষ হয়েছে। খুব শিগগিরি তার রায় বেরোবে। কিন্তু এমতাবস্থায় চেয়ারম্যান পেশীশক্তি বলে বোর্ড মিটিং ডেকে অগণতান্ত্রিক উপায়ে সিদ্ধান্ত নিচ্ছেন। এভাবে তিনি হাইকোর্টকে বুড়ো আঙুল দেখাচ্ছেন।
যদিও পৌরসভার ভাইস-চেয়ারম্যানের দাবি, হাইকোর্ট থেকে পৌরসভার কাজকর্ম বন্ধ রাখার কোনও নির্দেশ দেয়া হয়নি। পৌর আইন মেনেই ওই সিদ্ধান্ত নেয়া হয়েছে। অন্যদিকে, বিজেপি পক্ষের দাবি এরফলে হাইকোর্টকে অবমাননা করা হয়েছে। সব মিলিয়ে বনগাঁ পৌরসভার রাজনৈতিক অঙ্গন নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে।#
পার্সটুডে/এমএএইচ/এআর/৪