পশ্চিম মেদিনীপুরে ব্যারিকেড ভাঙায় পুলিশ ও বিজেপির মধ্যে তুমুল সংঘর্ষ
https://parstoday.ir/bn/news/india-i72557-পশ্চিম_মেদিনীপুরে_ব্যারিকেড_ভাঙায়_পুলিশ_ও_বিজেপির_মধ্যে_তুমুল_সংঘর্ষ
ভারতের পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুরে জেলা পুলিশ কর্মকর্তার দফতর ঘেরাও কর্মসূচিতে পুলিশ ও বিজেপি সমর্থকদের মধ্যে তুমুল সংঘর্ষ হয়েছে। আজ (সোমবার) বিভিন্ন ইস্যুতে রাজ্যের ক্ষমতাসীন তৃণমূল সরকারের বিরোধিতায় পুলিশ সুপারের দফতর ঘেরাও কর্মসূচি ছিল বিজেপির।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
আগস্ট ০৫, ২০১৯ ১৫:৩৪ Asia/Dhaka
  • পশ্চিম মেদিনীপুরে ব্যারিকেড ভাঙায় পুলিশ ও বিজেপির মধ্যে তুমুল সংঘর্ষ

ভারতের পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুরে জেলা পুলিশ কর্মকর্তার দফতর ঘেরাও কর্মসূচিতে পুলিশ ও বিজেপি সমর্থকদের মধ্যে তুমুল সংঘর্ষ হয়েছে। আজ (সোমবার) বিভিন্ন ইস্যুতে রাজ্যের ক্ষমতাসীন তৃণমূল সরকারের বিরোধিতায় পুলিশ সুপারের দফতর ঘেরাও কর্মসূচি ছিল বিজেপির।

বিজেপির ওই কর্মসূচিকে ঘিরে স্থানীয় এলআইসি মোড়ে একটি পথসভারও আয়োজন করা হয়৷ সভা শেষ হওয়ার পরে আজ বেলা দেড়টা নাগাদ পুলিশ সুপারের দফতর অভিযান শুরু করেন বিজেপি নেতা-কর্মীরা৷ গোটা এলাকা কঠোর নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হলেও এদিন বিজেপি কর্মী-সমর্থকরা পুলিশের দেয়া প্রথম ব্যারিকেড ভেঙে ফেলেন৷ কিন্তু দ্বিতীয় ব্যারিকেড ভাঙতে গেলে তারা তীব্র পুলিশি বাধার মুখে পড়েন। এসময় বিজেপি সমর্থকরা পুলিশকে লক্ষ্য করে ইট নিক্ষেপ করলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে পাল্টা লাঠিচার্জ করাসহ মারমুখী জনতাকে ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করতে হয়। বিজেপি অবশ্য ইটবৃষ্টির অভিযোগ অস্বীকার করেছে। তাদের দাবি, পুলিশের লাঠির আঘাতে বিজেপি নেত্রী ভারতী ঘোষ-সহ বেশ কয়েকজন কর্মী-সমর্থক আহত হয়েছেন৷ ওই ঘটনার পরে পুলিশের ধরপাকড় শুরু হয়৷ বিজেপি কর্মীদের ইটের আঘাতে বেশ কয়েকজন পুলিশকর্মী আহত হলে তাদেরকে স্থানীয় হাসপাতালে ভর্তি করতে হয়৷

আজ বিজেপির ওই কর্মসূচিতে রাজ্য বিজেপি নেতা সায়ন্তন বসু, ভারতী ঘোষ, বিজেপি জেলা সভাপতি সুমিত দাস-সহ অন্যরা উপস্থিত ছিলেন।#

পার্সটুডে/এমএএইচ/বাবুল আখতার/৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।