পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের খড়গ্রামে তৃণমূল নেতা গুলিবিদ্ধ, গ্রেফতার ১
https://parstoday.ir/bn/news/india-i72723-পশ্চিমবঙ্গের_মুর্শিদাবাদের_খড়গ্রামে_তৃণমূল_নেতা_গুলিবিদ্ধ_গ্রেফতার_১
ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের খড়গ্রামে মইনুল শেখ নামে এক তৃণমূল নেতা অজ্ঞাত দুর্বৃত্তদের আক্রমণে গুলিবিদ্ধ হয়েছেন। গতকাল (শনিবার) দিবাগত রাতে মুর্শিদাবাদের খড়গ্রাম এলাকার ওই ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তৃণমূলের অঞ্চল কমিটির সভাপতি আহত মইনুল শেখ কোলকাতার এক হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
আগস্ট ১১, ২০১৯ ১৪:৪৯ Asia/Dhaka
  • পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের খড়গ্রামে তৃণমূল নেতা গুলিবিদ্ধ, গ্রেফতার ১

ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের খড়গ্রামে মইনুল শেখ নামে এক তৃণমূল নেতা অজ্ঞাত দুর্বৃত্তদের আক্রমণে গুলিবিদ্ধ হয়েছেন। গতকাল (শনিবার) দিবাগত রাতে মুর্শিদাবাদের খড়গ্রাম এলাকার ওই ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তৃণমূলের অঞ্চল কমিটির সভাপতি আহত মইনুল শেখ কোলকাতার এক হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

শনিবার রাতেই ওই ঘটনার তদন্তে নেমে পুলিশ জাকির শেখ নামে একজনকে গ্রেপ্তার করেছে। আজ (রোববার) তাকে আদালতে তোলা হলে তাকে ৭ দিনের পুলিশ রিমান্ডের নির্দেশ দেয়া  হয়েছে।

তৃণমূল নেতা মইনুল শেখ শনিবার রাতে বাড়ি ফেরার সময় বালিয়া গ্রাম পঞ্চায়েতের কাছে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। তার পেটে গুলি লাগার ফলে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি। স্থানীয়রা ছুটে গিয়ে ওই তৃণমূল নেতাকে উদ্ধার করে প্রথমে কান্দি মহকুমা হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হওয়ায় তাকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে পাঠানো হয়। সেখান থেকেও তাকে পুনরায় কোলকাতার এক হাসপাতালে স্থানান্তর করা হয়।   

এ প্রসঙ্গে কান্দি মহকুমার তৃণমূল সভাপতি গৌতম রায় বলেন, ‘মইনুল এলাকায় জনপ্রিয় হয়ে উঠেছিল। সেজন্যই তাকে কংগ্রেস আশ্রিত দুর্বৃত্তরা খুনের ষড়যন্ত্র করেছে। গোটা বিষয়টি খড়গ্রাম থানায় জানানো হয়েছে।'

এদিকে, কান্দির কংগ্রেস নেতৃত্ব তৃণমূলের অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন। তাদের পক্ষ থেকে সাফ জানানো হয়েছে, কংগ্রেস কোনওভাবেই ওই ঘটনার সঙ্গে জড়িত নয়। এটি তৃণমূলের অন্তর্দ্বন্দ্বের ফল। শাসকদল অহেতুক কংগ্রেসের নামে অপপ্রচার করছে। পুলিশ বলছে, ধৃতকে জেরা করে অন্যদের সন্ধান পাওয়ার চেষ্টা চলছে।#

 

পার্সটুডে/এমএএইচ/এআর/১১