কাশ্মীর ইস্যুতে উদ্বেগ প্রকাশ করলেন মার্কিন কংগ্রেস সদস্য প্রমীলা জয়পাল
-
প্রমীলা জয়পাল
মার্কিন কংগ্রেসের ভারতীয় বংশোদ্ভূত সদস্য প্রমীলা জয়পাল কাশ্মীরে গণগ্রেফতারের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা দেয়া ৩৭০ ধারা বাতিল করার পরে কাশ্মীরে গ্রেফতারের খবরে বিচলিত হয়েছেন। প্রমীলা বলেন, ভারত সরকারের পক্ষ থেকে ২ হাজার জনকে গ্রেফতারের খবরে উদ্বিগ্ন হয়েছি।
ওয়াশিংটন থেকে নির্বাচিত প্রমীলা জয়পাল মার্কিন হাউস অফ রিপ্রেজেন্টেটিভসের প্রথম ভারতীয় বংশোদ্ভূত নারী সদস্য। ডেমোক্র্যাট সদস্য প্রমীলা জয়পাল বলেন, ‘গণতন্ত্রে স্বচ্ছতা, যথাযথ প্রক্রিয়া, সমাবেশ ও বাক ও মত প্রকাশের স্বাধীনতা জরুরি। এগুলি অত্যন্ত জটিল পরিস্থিতিতেও একেবারে আবশ্যক।’
তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে ওয়াশিংটন পোস্টের একটি খবরও শেয়ার করেছেন।মার্কিন এমপি এডাম স্কিফ বলেছেন, মত প্রকাশের স্বাধীনতা ও তথ্য গ্রহণের মতো মৌলিক মানবাধিকারগুলো অবশ্যই রক্ষা করা উচিত।
এরআগে মার্কিন কংগ্রেসম্যান পিটার কিং নিউইয়র্কে ভারতীয় কনসাল জেনারেলের সঙ্গে সাক্ষাত করে কাশ্মীর নিয়ে ভারত-পাকিস্তান বিরোধ প্রসঙ্গে আলোচনা করেন। তিনি পরমাণু শক্তিধর দু’দেশের মধ্যে কূটনৈতিক সমাধানের আহ্বান জানান।
একইসঙ্গে কংগ্রেস সদস্য ডন বেয়ার কাশ্মীরে যোগাযোগের ক্ষেত্রে সম্পূর্ণ বিধিনিষেধের ধারাবাহিকতায় উদ্বেগ প্রকাশ করেছেন। সরকারপক্ষ অবশ্য বলছে, কাশ্মীরের বেশিরভাগ জায়গা থেকে বিধিনিষেধ প্রত্যাহার করা হয়েছে এবং সেখানকার পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে।#
পার্সটুডে/এমএএইচ/এমবিএ/২৬
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।