শুদ্ধ এনআরসি আশা করছি, অনিয়ম হলে সুপ্রিম কোর্টে যাব: আমসু নেতা
https://parstoday.ir/bn/news/india-i73151-শুদ্ধ_এনআরসি_আশা_করছি_অনিয়ম_হলে_সুপ্রিম_কোর্টে_যাব_আমসু_নেতা
অল অসম মাইনরিটি স্টুডেন্টস ইউনিয়ন বা ‘আমসু’র পক্ষ থেকে শুদ্ধ এনআরসি তালিকা প্রকাশিত হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়েছে।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
আগস্ট ২৭, ২০১৯ ১৪:৫৮ Asia/Dhaka
  • আজিজুর রহমান
    আজিজুর রহমান

অল অসম মাইনরিটি স্টুডেন্টস ইউনিয়ন বা ‘আমসু’র পক্ষ থেকে শুদ্ধ এনআরসি তালিকা প্রকাশিত হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়েছে।

আজ (মঙ্গলবার) আমসু’র মুখ্যউপদেষ্টা আজিজুর রহমান রেডিও তেহরানকে বলেন, ‘আগামী ৩১ আগস্ট শুদ্ধ এনআরসি প্রকাশিত হবে বলে আমরা আশা করছি। কিন্তু যদি দেখা যায় যারা ১৯৭১ সালের ২৫ মার্চের পূর্বের বৈধ নথিপত্র জমা দেয়া সত্ত্বেও কিছু কর্মীর যোগসাজশে উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাদের নাম বাদ দেয়া হয়েছে তাহলে আমরা পর্যালোচনা করে দেখব কীরকম লোকের নাম কাটা হয়েছে। যদি দেখা যায় যে খুব বেশিরকম অন্যায় হয়েছে তাহলে আমরা গণতান্ত্রিক সংগঠন হিসেবে আমরা গণতান্ত্রিক  উপায়ে প্রতিবাদ করতে বাধ্য হবো। এনআরসি কর্তৃপক্ষের বিরুদ্ধে প্রতিবাদ জানানো হবে এবং সমান্তরালভাবে আমরা পয়েন্ট আউট করে আমরা সুপ্রিম কোর্টেও জানাবো যে উনারা গাফিলতি করেছেন এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে বা রাজনৈতিক কোনও দল বা ব্যক্তি বিশেষের চাপে এসব কাজ করেছে। আমরা সুপ্রিম কোর্টকে জানানো সহ এবং এনআরসি কর্তৃপক্ষের বিরুদ্ধে গোটা অসমে আন্দোলনের ডাক দেয়া হবে।’

অসমে আগামী ৩১ আগস্ট চূড়ান্ত এনআরসি তালিকা প্রকাশিত হবে। তাঁর আগেই সেখানে অনেক মানুষ দুশ্চিন্তায় রয়েছেন এনআরসিতে তাদের নাম থাকবে কিনা তা নিয়ে।  

এদিকে, বাঙালি হিন্দুদের অধিকার রক্ষার্থে কাজ করা সারা অসম বাঙালি ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক শান্তনু মুখোপাধ্যায় উদ্বেগ প্রকাশ করে বলেছেন, ‘আমরা খসড়ায় যা লক্ষ্য করেছি তা হচ্ছে বাঙালি হিন্দুরাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং এর নেপথ্যে সরকারের তরফ থেকে অনেকগুলো খামতি রয়েছে।’

অন্যদিকে, আজ (মঙ্গলবার) অসম সরকারের অতিরিক্ত মুখ্য সচিব (স্বরাষ্ট্র ও রাজনৈতিক দফতর) কুমার সঞ্জয় কৃষ্ণ এক বিবৃতিতে বলেছেন, এনআরসি তালিকা থেকে যারা বাদ পড়বে, বিদেশি ট্রাইবুনাল তাঁদের বিদেশি ঘোষণা না করা পর্যন্ত কোনো অবস্থাতেই তাঁদের আটক করা হবে না।  

রাজ্য সরকার জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষকে সাহায্য করার মাধ্যমে এনআরসি তালিকায় নাম না থাকা দরিদ্র মানুষদের আইনি সহায়তার বিষয়ে সবরকম সাহায্য করবে বলেও অতিরিক্ত মুখ্য সচিব কুমার সঞ্জয় কৃষ্ণ আশ্বাস দিয়েছেন।#

 

পার্সটুডে/এমএএইচ/এআর/২৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।