ভারতের প্রেসিডেন্টের বিমানকে আকাশসীমা ব্যবহার করতে দেবে না পাকিস্তান
-
ভারতের প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দ
ভারতের প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দের বিমানকে পাকিস্তান তাদের আকাশসীমা ব্যবহার করতে দেবে না বলে জানিয়েছে। আজ (শনিবার) পাক পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি এক বিবৃতিতে বলেন, ‘ভারতের ব্যবহার দেখেই ওই সিদ্ধান্ত নেয়া হয়েছে।’
নয়াদিল্লির পক্ষ থেকে প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দের বহনকারী বিমানকে পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করতে দেয়ার জন্য অনুরোধ করা হয়েছিল। কিন্তু পাকিস্তান ওই অনুরোধ প্রত্যাখ্যান করেছে।
আগামী ৯ সেপ্টেম্বর নয়দিনের জন্য আইসল্যান্ড, সুইজারল্যান্ড ও স্লোভেনিয়া সফরে যাবেন প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দ। এসময় তিনি বিভিন্ন রাষ্ট্রনেতার সঙ্গে সাক্ষাৎ করবেন। তিনি আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদের মতো বিষয়ে সেসব দেশের শীর্ষ নেতৃত্বদের সঙ্গে আলোচনা করবেন বলে মনে করা হচ্ছে।
জম্মু-কাশ্মীর নিয়ে দু’দেশের মধ্যে চলমান অশান্তিকে কেন্দ্র করে পাকিস্তান আকাশসীমা না ব্যবহার করতে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে বিশ্লেষকরা মনে করছেন।
পাক পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশির মতে, কাশ্মীর পরিস্থিতির কথা মাথায় রেখেই দেশের আকাশসীমা ব্যবহারের জন্য প্রেসিডেন্ট কোবিন্দকে অনুমোদন না দেয়ার সিদ্ধান্তকে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানই সীলমোহর দিয়েছেন।
এদিকে, প্রেসিডেন্ট কোবিন্দের ওই সফরের আগে, সুইস সরকার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে যে, দেশের নেতৃত্বের সঙ্গে তাঁর আলাপচারিতার সময় কাশ্মীর পরিস্থিতিও আলোচ্য বিষয়গুলোর মধ্যে থাকবে।
প্রেসিডেন্ট কোবিন্দ সুইজারল্যান্ড সফরের সময় সুইস প্রেসিডেন্ট ইউলি মুরার ও সুইস মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করবেন।
পুলওয়ামায় সন্ত্রাসী হামলা ও পরবর্তীতে বালাকোটে ভারতীয় বিমানবাহিনীর স্ট্রাইকের পর থেকে পাকিস্তান ভারতের জন্য আকাশসীমা বন্ধ করে দেয়। পরবর্তীতে তা আংশিকভাবে খোলা হলেও জম্মু-কাশ্মীর নিয়ে ভারতের সাম্প্রতিক পদক্ষেপের পর থেকে নয়াদিল্লির জন্য পাকিস্তান সেদেশের আকাশসীমা বন্ধ রেখেছে।#
পার্সটুডে/এমএএইচ/এআর/৭
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।