বামপন্থি ছাত্র সংগঠনের নবান্ন অভিযানকে কেন্দ্র করে রণক্ষেত্র হাওড়া
https://parstoday.ir/bn/news/india-i73620-বামপন্থি_ছাত্র_সংগঠনের_নবান্ন_অভিযানকে_কেন্দ্র_করে_রণক্ষেত্র_হাওড়া
ভারতের পশ্চিমবঙ্গের বামপন্থি ছাত্র-যুব সংগঠনের পক্ষ থেকে রাজ্য সচিবালয় ‘নবান্ন’ অভিযান কর্মসূচিকে কেন্দ্র করে ব্যাপক গোলযোগ ও সহিংস ঘটনা ঘটেছে।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
সেপ্টেম্বর ১৩, ২০১৯ ১৩:৩২ Asia/Dhaka
  • বামপন্থি ছাত্র সংগঠনের নবান্ন অভিযানকে কেন্দ্র করে রণক্ষেত্র হাওড়া

ভারতের পশ্চিমবঙ্গের বামপন্থি ছাত্র-যুব সংগঠনের পক্ষ থেকে রাজ্য সচিবালয় ‘নবান্ন’ অভিযান কর্মসূচিকে কেন্দ্র করে ব্যাপক গোলযোগ ও সহিংস ঘটনা ঘটেছে।

আজ (শুক্রবার) আন্দোলনকারী ও পুলিশের মধ্যে ধস্তাধস্তি, ধাওয়া-পাল্টা ধাওয়া,  লাঠিচার্জ ও ইটবৃষ্টিতে কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় হাওড়ার মল্লিক ফটক এলাকা। এসময় পরিস্থিতি সামাল দিকে পুলিশকে লাঠিচার্জ করার পাশাপাশি কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ ও পানিকামান ব্যবহার করতে হয়। সংঘর্ষে উভয়পক্ষের বেশ কয়েক জন আহত হলে তাঁদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।   

ওই ঘটনায় ছাত্র সংগঠন এসএফআইয়ের রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্যসহ অনেকেই আহত হয়েছেন। এসএফআইয়ের দাবি, শিক্ষা ও কাজের দাবিতে রাজ্যের ১২টি বাম ছাত্র-যুব সংগঠনের নবান্ন অভিযানে বিনা প্ররোচনায় পুলিশ লাঠিচার্জ, পানিকামান, টিয়ার গ্যাস নিক্ষেপে শতাধিক আন্দোলনকারী আহত হয়েছেন। 

আহত এক এসএসআই কর্মী

এদিন বিক্ষোভ মিছিল মল্লিক ফটকের কাছে পৌঁছতেই পুলিশ তা আটকানোর চেষ্টা করলে উভয়পক্ষের মধ্যে ব্যাপক হাতাহাতি ও ধস্তাধস্তি হয়। এসময় পুলিশকে লক্ষ্য করে ইট নিক্ষেপ করলে পরিস্থিতি চরমে ওঠে এবং বিক্ষোভকারী জনতাকে ছত্রভঙ্গ করতে এসময় পুলিশি অ্যাকশন শুরু হয়।   

রাজ্যে কর্মসংস্থান, নতুন শিল্প তৈরি, কাজ না পাওয়া পর্যন্ত বেকার ভাতার ব্যবস্থা ও কম খরচে পড়াশোনার সুযোগের দাবিতে নবান্ন অভিযানের ডাক দেয় ১২টি বামপন্থী যুব-ছাত্র সংগঠন।

বিমান বসু

ওই ঘটনার নিন্দা জানিয়ে রাজ্য বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু এক প্রেস বিবৃতিতে বলেন, পুলিশ মিছিলকারীদের ওপরে নৃশংস হামলা চালিয়েছে। টিয়ার গ্যাস এবং জলকামান ব্যবহার ছাড়াও ব্যাপক লাঠিচার্জের ফলে বামপন্থি ছাত্র-যুব নেতৃবৃন্দসহ বহু ছাত্র-যুব আহত হয়েছেন। পুলিশের আক্রমণের পাশাপাশি রাস্তা সংলগ্ন বাড়ির ছাদ থেকেও পরিকল্পনা করে মিছিলকারীদের ওপরে ইট-পাথর নিক্ষেপ করা হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, বামফ্রন্টের পক্ষ থেকে ছাত্র-যুবদের ওপরে এই পুলিশি হামলার তীব্র নিন্দা জাননো হয়েছে। ছাত্র-যুবরা তাদের ন্যায্য দাবিতে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে স্মারকলিপি দিতে চেয়েছিলেন। কিন্তু সেই স্মারকলিপি গ্রহণের পরিবর্তে গণতান্ত্রিক আন্দোলনের ওপরে যেভাবে বর্বর পুলিশি আক্রমণ নামিয়ে আনা হয়েছে তাকে ধিক্কার জানিয়ে রাজ্যের সর্বত্র প্রতিবাদে শামিল হওয়ার আবেদন জানিয়েছে বামফ্রন্ট। #

পার্সটুডে/এমএএইচ/এআর/১৩

খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন