তৃণমূল নেতা কুরবান শাহকে গুলি করে হত্যা: পাল্টাপাল্টি অভিযোগ
-
কুরবান শাহ
ভারতের পশ্চিমবঙ্গের পূর্ব-মেদিনীপুরের পাঁশকুড়া পঞ্চায়েত সমিতির সহসভাপতি ও তৃণমূল নেতা কুরবান শাহকে অজ্ঞাত দুর্বৃত্তরা গুলি করে হত্যা করেছে।
গতকাল (সোমবার) রাত দশটা নাগাদ দলীয় দফতরে ঢুকে দুর্বৃত্তরা এলোপাথাড়ি গুলিবর্ষণ করলে তিনি ঘটনাস্থলেই নিহত হন। চাঞ্চল্যকর ওই হত্যার ঘটনায় আজ (মঙ্গলবার) রাজ্যের মন্ত্রী শুভেন্দু অধিকারী বিজেপি’র দিকে অভিযোগের আঙুল তুলেছেন।
শুভেন্দু অধিকারী আজ পাঁশকুড়ার মাইসোরায় নিহতের বাসায় গিয়ে তাঁর স্ত্রী ও পরিবারের অন্য সদসদের প্রতি গভীর সমবেদনা জানান। শুভেন্দু অধিকারী এসময় কারও নাম না করে বলেন, এলাকায় পাওয়া সিসিটিভিতে পাওয়া ফুটেজে অভিযুক্তকে বেশ কয়েকবার দেখা গেছে। তিনিই পরিকল্পনামাফিক পঞ্চায়েত সমিতির নেতাকে খুন করিয়েছেন।
অন্যদিকে, বিজেপির জেলা সহসভাপতি মানস রায়ের দাবি, এরসঙ্গে রাজনীতির কোনও যোগ নেই। এটা সম্পূর্ণভাবে তৃণমূলের গোষ্ঠী রাজনীতির ফল। গোটা রাজ্যে তৃণমূলের গোষ্ঠী রাজনীতি বৃদ্ধি পেয়েছে এই ঘটনা তারই প্রমাণ বলেও তিনি মন্তব্য করেন।
এদিকে, আজ রাজ্যের মন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, ওই হত্যাকাণ্ডের ঘটনায় নিন্দার কোনও ভাষা নেই। হত্যার নেপথ্যে কে রয়েছে একটা বাচ্চা ছেলে থেকে শুরু করে সকলেই জানেন। উনি সংশ্লিষ্ট এলাকায় কখন কীভাবে ছিলেন পুলিশ সিসিটিভিতে তাঁর প্রমাণ পেয়েছে। ঝাড়খণ্ড ও খড়্গপুরের ভাড়া করা সুপারি কিলার দিয়ে কুরবান শাহকে হত্যা করা হয়েছে। ওই হত্যার নেপথ্যে দু’জন রয়েছেন। আমি নাম বলে তাদেরকে হিরো করতে চাই না। পুলিশের কাজ পুলিশ করবে।
শুভেন্দু বাবু বলেন, আমি ওঁর (কুরবান শাহ) লাশকে সাক্ষী রেখে বললাম, অভিযুক্তরা ভিতরে (কারাগারে) ঢুকবে, আর বেরোবে না। সেজন্য যা আইনি পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন সব করা হবে।#
পার্সটুডে/এমএএইচ/এআর/৮
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।