পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি বিজেপির, রাষ্ট্রপতির কাছে নালিশের প্রস্তুতি
https://parstoday.ir/bn/news/india-i74383-পশ্চিমবঙ্গের_মুখ্যমন্ত্রীর_পদত্যাগ_দাবি_বিজেপির_রাষ্ট্রপতির_কাছে_নালিশের_প্রস্তুতি
ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবি করেছে বিজেপি। রাজ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগে ওই দাবি জানানো হয়েছে। দলটির পক্ষ থেকে আগামী ১৫ অক্টোবর প্রেসিডেন্টের কাছে সাক্ষাতের সময় চাওয়া হয়েছে।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
অক্টোবর ১১, ২০১৯ ১৪:৪৯ Asia/Dhaka
  • মমতা বন্দ্যোপাধ্যায়
    মমতা বন্দ্যোপাধ্যায়

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবি করেছে বিজেপি। রাজ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগে ওই দাবি জানানো হয়েছে। দলটির পক্ষ থেকে আগামী ১৫ অক্টোবর প্রেসিডেন্টের কাছে সাক্ষাতের সময় চাওয়া হয়েছে।

আজ (শুক্রবার) পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় বিজেপি নেতা কৈলাশ বিজয়বর্গীয় বলেন, ‘গত চারদিনে ৮ জন নিহত হয়েছে। এরা সকলেই বিজেপি কর্মী। তৃণমূল আশ্রিত দুর্বৃত্তরা টার্গেট করে ওই ঘটনা ঘটাচ্ছে। আমরা সাহসের সঙ্গে এর মোকাবিলা করব। আমাদের নেতা-কর্মীরা আগামীকাল (শনিবার) কোলকাতায় বিক্ষোভ প্রদর্শন করবে। এসব বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে সময় চাওয়া হয়েছে। মহামহিম রাষ্ট্রপতির কাছেও সময় চাওয়া হয়েছে। বাংলার পরিস্থিতি তাঁদেরকে অবগত করানো হবে। আমরা দাবি করছি মমতাজীকে ইস্তফা দেয়া উচিত। এমন সরকারের ক্ষমতায় থাকার কোনও অধিকার নেই।’

কৈলাশ বিজয়বর্গীয়

বিশ্ব হিন্দু পরিষদের কার্যকরি সভাপতি আলোক কুমার বলেছেন, পশ্চিমবঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনা করেই কেন্দ্রীয় সরকারের উচিত রাষ্ট্রপতি শাসন জারির কথা ভাবা।

গত (মঙ্গলবার) মুর্শিদাবাদের জিয়াগঞ্জে নিহত হন বন্ধুগোপাল পাল (৪০) নামে এক শিক্ষক, তাঁর গর্ভবতী স্ত্রী বিউটি পাল (৩০) ও অঙ্গন পাল (৫) নামে তাঁদের শিশু সন্তান। বাড়ি থেকে তিনজনের দেহ উদ্ধার হলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

আরএসএসের দাবি, নিহত শিক্ষক তাদের কর্মী ছিলেন। তার জেরেই তাঁকে সপরিবারে হত্যা করা হয়েছে।

মুর্শিদাবাদের জিয়াগঞ্জে নিহতরা

পুলিশ সুপার মুকেশ অবশ্য বলেন, ‘এটি একটি পারিবারিক ঘটনা, এরসঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই। ইতোমধ্যেই তদন্তকারীদের বিশেষ দল ওই ঘটনার তদন্ত শুরু করেছে। পরিবারের সদস্যসহ স্থানীয়দেরও জিজ্ঞাসাবাদ করা হয়েছে।’

এদিকে, চাঞ্চল্যকর ওই ঘটনাকে কেন্দ্র করে গতকাল (বৃহস্পতিবার) সন্ধ্যায় রাজভবন থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, ‘রাজ্যপালের মতে, এই ঘটনার তীব্রতা এমনই যে, তাতে বিবেক কেঁপে উঠেছে! এই ঘটনা অসহিষ্ণুতা এবং ভয়ঙ্কর আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিফলন।’

রাজ্যপালের বিবৃতির পাল্টা জবাবে রাজ্যের মন্ত্রী ও ক্ষমতাসীন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেন, ‘সাংবিধানিক পদে থেকে রাজনৈতিক মন্তব্য করে রাজ্যপাল নিজের এখতিয়ার লঙ্ঘন করেছেন।’

জিয়াগঞ্জের হত্যাকাণ্ডের ঘটনায় গতকাল (বৃহস্পতিবার) সামাজিক যোগাযোগ মাধ্যমে মজলিশ-ই-ইত্তেহাদুল-মুসলেমিন প্রধান ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়াইসি বলেন, অপধীরা যাতে কঠোরতম সাজা পায় তা নিশ্চিত করতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে। আমরা আরএসএসের  মতাদর্শ ও কর্মকাণ্ডের বিরোধী। কিন্তু ওই ঘৃণ্য কাজে কেউ আইনের ঊর্ধ্বে নয়।

এদিকে, আজ কংগ্রেস নেতা অধীররঞ্জন চৌধুরী এমপি বলেছেন, পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলা পরিস্থিতি খুব খারাপ হয়ে গেছে। যদি কেন্দ্রীয় সরকার চায় সেখানে রাষ্ট্রপতি শাসন জারি করতে পারে। তাঁর অভিযোগ, বিজেপি রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারির দাবি জানালেও দিল্লিতে তারা তৃণমূলের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ করে।#

পার্সটুডে/এমএএইচ/এআর/১১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।