কাশ্মীর সীমান্তে পাক বাহিনীর গুলিতে ২ ভারতীয় সেনাসহ নিহত ৩
https://parstoday.ir/bn/news/india-i74612-কাশ্মীর_সীমান্তে_পাক_বাহিনীর_গুলিতে_২_ভারতীয়_সেনাসহ_নিহত_৩
জম্মু-কাশ্মীর সীমান্তে পাকিস্তানি বাহিনীর গুলিবর্ষণের ফলে দুই ভারতীয় সেনাসহ তিনজন নিহত ও তিন বেসামরিক ব্যক্তি আহত হয়েছেন। গুলিবর্ষণে নিহতদের মধ্যে এক বেসামরিক রয়েছেন। আজ (রোববার) কুপওয়াড়া জেলার তঙ্গধার সেক্টরে ভারতীয় সেনাবাহিনীর পোস্ট লক্ষ্য করে পাকিস্তানি বাহিনীর গুলিবর্ষণের ফলে ওই হতাহতের ঘটনা ঘটে।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
অক্টোবর ২০, ২০১৯ ০৯:০৩ Asia/Dhaka
  • ফাইল ফটো
    ফাইল ফটো

জম্মু-কাশ্মীর সীমান্তে পাকিস্তানি বাহিনীর গুলিবর্ষণের ফলে দুই ভারতীয় সেনাসহ তিনজন নিহত ও তিন বেসামরিক ব্যক্তি আহত হয়েছেন। গুলিবর্ষণে নিহতদের মধ্যে এক বেসামরিক রয়েছেন। আজ (রোববার) কুপওয়াড়া জেলার তঙ্গধার সেক্টরে ভারতীয় সেনাবাহিনীর পোস্ট লক্ষ্য করে পাকিস্তানি বাহিনীর গুলিবর্ষণের ফলে ওই হতাহতের ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, রোববার পাকিস্তানি বাহিনীর গুলির কবলে পড়েন দুই ভারতীয় সেনা সদস্য। এছাড়া, গুলিতে তিন বেসামরিক ব্যক্তি আহত হন। পাকিস্তানি সৈন্যরা বেসামরিক লোকদের লক্ষ্য করে গুলিবর্ষণ করলে এক বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। পাক বাহিনীর গোলাগুলিতে বেশ কিছু বাড়িঘরও ক্ষতিগ্রস্ত হয়েছে। ওই ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। এরপর ভারতীয় সেনাবাহিনী পাল্টা গুলিবর্ষণের মধ্য দিয়ে ওই ঘটনার উপযুক্ত জবাব দিয়েছে।

গত সপ্তাহে জম্মু-কাশ্মীরের বারামুল্লায় নিয়ন্ত্রণ রেখার কাছে পাকিস্তানি সেনাবাহিনীর গুলিবর্ষণের ফলে সন্তোষ গোপ (২৭) নামে এক সেনা জওয়ান নিহত হয়েছিলেন। তিনি ঝাড়খন্ডের গুমলা জেলার বাসিন্দা ছিলেন।

অন্যদিকে, ১১ অক্টোবর জম্মু-কাশ্মীরের নৌশেরা সেক্টরে পাকিস্তানি বাহিনী যুদ্ধবিরতি লঙ্ঘন করে গুলিবর্ষণ করলে পশ্চিমবঙ্গের শিলিগুড়ির বাগডোগরার বাসিন্দা নায়েক সুভাষ থাপা নিহত হয়েছিলেন। তিনি গোর্খা রেজিমেন্টের সদস্য ছিলেন।

গতসপ্তাহে ভারতীয় সেনাবাহিনীর কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল রণবীর সিং বলেছিলেন যে, ৩৭০ ধারা বাতিল করে জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহার করার পর থেকেই পাকিস্তান উপত্যকায় জঙ্গিদের মাধ্যমে অশান্তির বাতাবরণ তৈরি করতে চাচ্ছে।#

পার্সটুডে/এমএএইচ/এআর/২০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।