আইএসআই এজেন্টকে গোপন তথ্য পাচার: ২ ভারতীয় সেনা আটক
https://parstoday.ir/bn/news/india-i75058-আইএসআই_এজেন্টকে_গোপন_তথ্য_পাচার_২_ভারতীয়_সেনা_আটক
পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই এজেন্টকে সেনাবাহিনীর গোপন তথ্য পাচারের অভিযোগে রাজস্থানে ল্যান্সনায়েক রবি ভার্মা ও বিচিত্র ভোরা নামে দুই সেনা জওয়ানকে গ্রেফতার করা হয়েছে। ধৃত রবি ভার্মার বাড়ি মধ্য প্রদেশ ও বিচিত্র ভোরার বাড়ি অসমে। দু’জনেরই কর্মস্থল ছিল পোখরানে।
(last modified 2026-06-24T09:59:37+00:00 )
নভেম্বর ০৭, ২০১৯ ১২:১৬ Asia/Dhaka
  • আইএসআই এজেন্টকে গোপন তথ্য পাচার: ২ ভারতীয় সেনা আটক

পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই এজেন্টকে সেনাবাহিনীর গোপন তথ্য পাচারের অভিযোগে রাজস্থানে ল্যান্সনায়েক রবি ভার্মা ও বিচিত্র ভোরা নামে দুই সেনা জওয়ানকে গ্রেফতার করা হয়েছে। ধৃত রবি ভার্মার বাড়ি মধ্য প্রদেশ ও বিচিত্র ভোরার বাড়ি অসমে। দু’জনেরই কর্মস্থল ছিল পোখরানে।

গত মঙ্গলবার রাতে রাজস্থান পুলিশ, কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআই ও গোয়েন্দা সংস্থা আইবি’র যৌথ অভিযানে যোধপুর রেলস্টেশন থেকে তাদের প্রথমে আটক করা হয়। জিজ্ঞাসাবাদের পরে তাদেরকে গ্রেফতার করে নিজেদের হেফাজতে নেয় তদন্তকারী সংস্থা। গ্রেফতার হওয়া ওই দুই জওয়ানের বিরুদ্ধে অভিযোগ, তারা আইএসআইয়ের এক নারী এজেন্টকে ভারতীয় সেনাবাহিনীর বহু গুরুত্বপূর্ণ তথ্য পাচার করত। ধৃত জওয়ানরা ভারতের অস্ত্রভাণ্ডারের গোপন তথ্যও আইএসআই এজেন্টকে পাঠাত।

রাজস্থান পুলিশের এডিজি উমেশ মিশ্র বলেন, দুই জওয়ান হানিট্র্যাপের কবলে পড়েছিল। দু’জনকে টানা জেরা করা হচ্ছে। সেনাবাহিনীর আরও কী কী তথ্য ওরা আইএসআইয়ের হাতে তুলে দিয়েছে, তা জানার চেষ্টা চলছে।

তদন্তকারীরা মনে করছেন, রাজস্থানে মোট কত সেনা জওয়ান কর্মরত রয়েছেন, সেই তথ্য প্রাথমিকভাবে ওই নারী এজেন্টকে জানিয়েছিল দুই জওয়ান। এমনকি ভারতীয় সেনাবাহিনীর অস্ত্রভাণ্ডার ও পরিকাঠামো সংক্রান্ত তথ্যও অভিযুক্তরা পাচার করেছিল বলে তদন্তকারীরা মনে করছেন। কমপক্ষে বছর দু’য়েক ধরে পাকিস্তানের আইএসআইয়ের ওই নারী এজেন্টের সঙ্গে যোগাযোগ ছিল ধৃত দুই  জওয়ানের। হোয়াটসঅ্যাপ ও ফেসবুকের মাধ্যমে তারা নিয়মিত যোগাযোগ রাখত। ওই নারী এজেন্ট নিজেকে পাঞ্জাবি বলে পরিচয় দিয়েছিল। পাকিস্তানের একটি নম্বর থেকে দুই জওয়ানকে সে ফোনও করত। অভিযুক্তদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কয়েক হাজার করে টাকাও জমা পড়েছিল। অবশেষে গোয়েন্দাদের জালে পাকড়াও হয় দুই সেনা জওয়ান।#  

পার্সটুডে/এমএএইচ/এআর/৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।