দিল্লি বিধানসভা নির্বাচন: ফের ক্ষমতায় ফেরার আশা কেজরিওয়ালের
https://parstoday.ir/bn/news/india-i77292-দিল্লি_বিধানসভা_নির্বাচন_ফের_ক্ষমতায়_ফেরার_আশা_কেজরিওয়ালের
ভারতের রাজধানী দিল্লিতে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আজ (শনিবার) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। শেষ হবে সন্ধ্যা ৬ টায়। ৭০ আসনের দিল্লি বিধানসভা নির্বাচনে লড়াইয়ের ময়দানে রয়েছেন ৬৭২ জন প্রার্থী।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
ফেব্রুয়ারি ০৮, ২০২০ ১০:৪৭ Asia/Dhaka
  • ভোট দেয়ার পর সপরিবারে অরবিন্দ কেজরিওয়াল
    ভোট দেয়ার পর সপরিবারে অরবিন্দ কেজরিওয়াল

ভারতের রাজধানী দিল্লিতে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আজ (শনিবার) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। শেষ হবে সন্ধ্যা ৬ টায়। ৭০ আসনের দিল্লি বিধানসভা নির্বাচনে লড়াইয়ের ময়দানে রয়েছেন ৬৭২ জন প্রার্থী।

দিল্লিতে ক্ষমতায় রয়েছে আম আদমি পার্টি (আপ)। এবারের নির্বাচন মূলত আপ, বিজেপি ও কংগ্রেসের মধ্যে হচ্ছে। যদিও মূল লড়াই হচ্ছে আপ ও বিজেপি’র মধ্যে। ১১ ফেব্রুয়ারি নির্বাচনের ফল প্রকাশ হবে। কার্যত সেদিকেই অধীর আগ্রহে অপেক্ষায় থাকছেন রাজনৈতিকমহল ও গোটা দেশ।

আজ ভোট দেওয়ার পরে দিল্লির মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল বলেন, ‘আমার সম্পূর্ণ বিশ্বাস আছে দিল্লিবাসী কাজের ভিত্তিতে ভোট দেবেন। এবং অবশ্যই দিল্লিতে তৃতীয়বার আম আদমি পার্টির সরকার তৈরি হওয়া উচিত। এ নিয়ে আমি সম্পূর্ণ আশাবাদী।’

কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বিতর্কিত সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) তৈরি করার পরে দেশজুড়ে জোরালো প্রতিবাদ-আন্দোলনের আবহে দিল্লি বিধানসভার নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। দিল্লির শাহীনবাগসহ দেশের বিভিন্ন এলাকায় সিএএ আইনের বিরোধিতায় এই মুহূর্তে ধর্না-অবস্থান চলছে। অন্যদিকে, কেন্দ্রের শাসক দল বিজেপি ধর্না-অবস্থানের তীব্র বিরোধিতা করছে।

দিল্লির মুখ্য নির্বাচনি কর্মকর্তা রণবীর সিং বলেন, সমস্ত জায়গায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১ কোটি ৪৭ লাখ ৮৬ হাজার ৩৮২ জন।

অমিত শাহ ও নরেন্দ্র মোদি

আজ সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার বার্তায় নতুন প্রজন্মকে ভোটদানের আহ্বান জানান। তিনি বলেন, ‘আজ দিল্লির বিধানসভা নির্বাচন। সব ভোটারের কাছে আমার আবেদন, আপনারা গণতন্ত্রের এই উত্সবে অধিক সংখ্যায় অংশগ্রহণ করুন।’

অন্যদিকে, ‘আপ’ প্রধান ও দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল সংশ্লিষ্ট সকলের উদ্দেশ্যে বলেন, ‘আপনারা যেমন ঘরের সমস্ত দায়িত্ব সামলান, তেমনই দেশ ও দিল্লির দায়িত্বও রয়েছে আপনাদের কাঁধে। আপনারা নিজেরাও ভোট দিতে যান। সঙ্গে ঘরের পুরুষদেরও ভোট দিতে নিয়ে যান। ঘরের পুরুষদের সঙ্গে আলোচনা করুন কাকে ভোট দেওয়া উচিত।’

২০১৫ সালের দিল্লি বিধানসভা নির্বাচনে বিজেপি ও কংগ্রেসকে ধরাশায়ী করে বিপুলভাবে জয়ী হয়েছিল অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি (আপ)। ৭০টি আসনের মধ্যে তাঁরা জিতেছিল ৬৭টি আসনে। অন্যদিকে, হিন্দুত্ববাদী বিজেপি মাত্র ৩টি আসনে জয়ী হয়। যদিও গতবছর লোকসভা নির্বাচনে দিল্লির ৭টি লোকসভা আসনের সবগুলোতেই জয় লাভ করে  হিন্দুত্ববাদী গেরুয়া শিবির। কিন্তু তাঁরা কী জয়ের সেই ধারা অব্যাহত রাখতে সমর্থ হবে? না, ‘সিএএ’ বিরোধী আন্দোলনের জেরে বিজেপিকে পরাজিত করে ফের আম আদমি পার্টিই জয়ের হাসি হাসবে এটি এখন সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। এই প্রশ্নের উত্তর পেতে আপাতত ফল প্রকাশের জন্য অপেক্ষা করতে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত।#  

পার্সটুডে/এমএএইচ/এআর/৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।