দিল্লির সহিংসতা ইস্যুতে ফের উত্তাল সংসদ, অধিবেশন মুলতবি
-
ভারতের সংসদ
ভারতের রাজধানী দিল্লির সহিংসতা ইস্যুতে ফের উত্তাল হয়েছে সংসদ। আজ (মঙ্গলবার) বিরোধীদের তুমুল হট্টগোলের জেরে সংসদের উভয়কক্ষের অধিবেশন মুলতবি করে দিতে হয়।
আজ বেলা ১১ টায় সংসদের কাজ শুরু হলে বিরোধী ও সরকারপক্ষের এমপিদের মধ্যে বাকবিতণ্ডার মধ্যে সংসদের উচ্চকক্ষ রাজ্যসভা বেলা ২ টা পর্যন্ত মুলতবি হয়ে যায়। অন্যদিকে বিরোধীপক্ষ, স্পিকার ও সরকারপক্ষের এমপিদের মধ্যে চিৎকার চেঁচামেচির কারণে মাত্র ১০ মিনিটের মধ্যেই সংসদের নিম্নকক্ষ লোকসভার অধিবেশন বেলা ১২ টা পর্যন্ত মুলতবি হয়ে যায়। পরে বেলা ১২ টায় অধিবেশনের কাজ শুরু হলেও পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় একমিনিটের মধ্যেই পুনরায় অধিবেশনের কাজ বেলা ২ টা পর্যন্ত মুলতবি হয়ে যায়।
আজ লোকসভার স্পিকার ওম বিড়লা প্রশ্নোত্তরপর্ব শুরু করলে বিরোধীরা হইচই জুড়ে দেন। স্পিকার এসময় সবাইকে সতর্ক করে দিয়ে বলেন, সরকারপক্ষ অথবা বিরোধীপক্ষের কোনও সদস্য যদি আসন ছেড়ে একে অন্যের আসনের দিকে যান তাহলে তাঁকে গোটা অধিবেশন পর্যন্ত সাসপেন্ড করা হবে। কিন্তু বিরোধীরা সদস্যরা এসবে কান না দিয়ে দিল্লির সাম্প্রতিক সহিংসতা নিয়ে সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন।
লোকসভার বিরোধী দলনেতা অধীর রঞ্জন চৌধুরী বলেন, ‘দিল্লিতে লাশের লাইন বাড়ছে। সংসদে ওই বিষয় উত্থাপনের অধিকার রয়েছে আমাদের। আমরা আপনার মাধ্যমে আবেদন জানিয়েছি, সরকারকে বলেছি এ নিয়ে সংসদে আলোচনা হোক।’
তৃণমূল এমপি সুদীপ বন্দ্যোপাধ্যায় স্পিকারের উদ্দেশ্যে বলেন, শুধু বিরোধীপক্ষ নয় সরকার পক্ষের সদস্যরাও যদি নিয়মভঙ্গ করেন তাহলে তাঁদেরকেও সাসপেন্ড করতে হবে। এরপরে স্পিকার ওম বিড়লা পুনরায় সকলের উদ্দেশ্যে বলেন, আমি পুনরায় হাউজকে জানাচ্ছি সরকার পক্ষের কেউ যদি বিরোধীপক্ষের আসনের দিকে যান তাঁর বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করা হবে এবং একইভাবে বিরোধীপক্ষের বিরুদ্ধেও পদক্ষেপ গ্রহণ করা হবে। এসময় সরকার ও বিরোধীপক্ষের সদস্যদের মধ্যে তুমুল বাকবিতণ্ডা শুরু হয়। স্পিকার সরকারপক্ষের মত জানতে চাইলে তাঁরা স্পিকারের সিদ্ধান্তের প্রতি সহমত ব্যক্ত করেন।
পরে স্পিকার সংসদের মধ্যে প্ল্যাকার্ড নিয়ে আসতে নিষেধ করায় বিরোধী এমপিরা ফের তুমুল হট্টগোল করেন। স্পিকার বলেন, প্ল্যাকার্ড প্রদর্শনের মধ্যে অধিবেশন কীভাবে চালানো যাবে? আপনারা তাহলে ঘোষণা করুন যে আমরা প্ল্যাকার্ড নিয়ে আসতে চাই। এটা কী সংসদ চালানোর পদ্ধতি? ওই ইস্যুতে তীব্র গোলযোগের মধ্যে অধিবেশন মুলতবি করতে বাধ্য হন স্পিকার ওম বিড়লা।#
পার্সটুডে/এমএএইচ/এআর/৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।