সরকার চেষ্টা করলে দিল্লির সহিংসতা বন্ধ করা যেত: অধীর চৌধুরী
https://parstoday.ir/bn/news/india-i78186-সরকার_চেষ্টা_করলে_দিল্লির_সহিংসতা_বন্ধ_করা_যেত_অধীর_চৌধুরী
ভারতীয় সংসদের নিম্নকক্ষ লোকসভায় কংগ্রেসের বিরোধী দলনেতা অধীর রঞ্জন চৌধুরী বলেছেন, ‘সরকার চেষ্টা করলে দিল্লির দাঙ্গা বন্ধ করা যেত। হোলির উৎসব শেষ হয়ে গেছে কিন্তু দিল্লির রক্তের হোলি আমাদের পিছু ছাড়েনি।’
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
মার্চ ১১, ২০২০ ১৫:৪৩ Asia/Dhaka
  • (বামে) দিল্লিতে আহত এক ব্যক্তি (ডানে) অধীর চৌধুরী
    (বামে) দিল্লিতে আহত এক ব্যক্তি (ডানে) অধীর চৌধুরী

ভারতীয় সংসদের নিম্নকক্ষ লোকসভায় কংগ্রেসের বিরোধী দলনেতা অধীর রঞ্জন চৌধুরী বলেছেন, ‘সরকার চেষ্টা করলে দিল্লির দাঙ্গা বন্ধ করা যেত। হোলির উৎসব শেষ হয়ে গেছে কিন্তু দিল্লির রক্তের হোলি আমাদের পিছু ছাড়েনি।’

ভারতের রাজধানী দিল্লির সাম্প্রতিক সহিংস ঘটনা প্রসঙ্গে আজ (বুধবার) লোকসভায় আলোচনার সময় তিনি ওই মন্তব্য করেন।

অধীর বাবু বলেন, ‘সমস্ত ভারতীয় ওই ঘটনায় উদ্বিগ্ন এবং সকলেই জানতে চায় কীভাবে এটি ঘটেছিল এবং এই জাতীয় ঘটনা যাতে আবার না ঘটে তা নিশ্চিত করতে সরকার কী পদক্ষেপ নিচ্ছে তা জানতে চায়।’

তিনি বলেন, ‘সহিংসতায় কেউ জিততে পারে না। এতে কেবল মানবতারই পরাজয় হয়। কেউ কেউ বলে যে, কোথাও হিন্দু মরেছে, কোথাও মুসলিম মারা গেছে। কিন্তু আসলে মানবতার মৃত্যু হয়েছে।’

অধীর চৌধুরী আরও বলেন, ‘সরকার চেষ্টা করলে দিল্লির সহিংসতা বন্ধ করা যেত। এটি দেশের রাজধানী। আমরা এখানকার পুলিশকে আধুনিক হিসেবে বিবেচনা করি। অস্ত্রের কোনও অভাব নেই। তাহলে কেন এই ঘটনা  ঘটল? একনাগাড়ে তিন দিন কীভাবে এই ঘটনা ঘটতে পারে? সরকারকে এর জবাব দিতে হবে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিন দিন ধরে কোথায় ছিলেন? দিল্লির আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব তাঁর।’

দিল্লিতে মুসলিমবিরোধী সংহিসতা

কংগ্রেস নেতা অধীর চৌধুরী জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের প্রশংসা করে বলেন, ‘অজিত ডোভাল রাস্তায় নামার সাথে সাথে সহিংসতা বন্ধ হয়েছিল। অজিত ডোভাল যেখানে যেতে পারেন, সেখানে অমিত শাহ কেন যেতে পারবেন না? স্বরাষ্ট্রমন্ত্রী ছাড়াও দু'জন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী রয়েছেন কিন্তু তা সত্ত্বেও অজিত ডোভাল সহিংসতাগ্রস্ত এলাকায় গিয়েছিলেন। দিল্লির আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব তাঁর নেই।’

অন্যদিকে, তৃণমূলের সিনিয়র এমপি অধ্যাপক সৌগত রায় বলেন, ‘অজিত ডোভাল রাস্তায় নামার দিল্লিতে শান্তি এসেছে। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী কেন সেখানে যাননি? তার পদত্যাগ করা উচিত। ভগবানের নামে তাঁর পদত্যাগ করা উচিত।’ তিনি দিল্লির সহিংস ঘটনার বিচারবিভাগীয় তদন্তের দাবিও জানিয়েছেন।

আজ সরকারপক্ষে বিজেপি এমপি মীনাক্ষী লেখী বিরোধীদের সমালোচনার জবাব দেওয়ার চেষ্টা করে সহিংসতা প্রতিরোধে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কী কী পদক্ষেপ গ্রহণ করেছেন তা উল্লেখ করেন।#

পার্সটুডে/এমএইচ/এআর/১১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।