ভারতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ১০৮, বিভিন্ন রাজ্যে নিষেধাজ্ঞা
https://parstoday.ir/bn/news/india-i78308-ভারতে_করোনাভাইরাসে_আক্রান্তের_সংখ্যা_বেড়ে_১০৮_বিভিন্ন_রাজ্যে_নিষেধাজ্ঞা
ভারতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ১০৮ জনে পৌঁছেছে। আক্রান্তের সংখ্যা দ্রুত বাড়তে থাকায় বিভিন্ন রাজ্যে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
মার্চ ১৫, ২০২০ ১৫:৫২ Asia/Dhaka
  • ভারতে বেড়ে গেছে মাস্কের ব্যবহার
    ভারতে বেড়ে গেছে মাস্কের ব্যবহার

ভারতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ১০৮ জনে পৌঁছেছে। আক্রান্তের সংখ্যা দ্রুত বাড়তে থাকায় বিভিন্ন রাজ্যে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

ভারতে করোনা আক্রান্ত হয়ে এ পর্যন্ত ২ জনের মৃত্যু হয়েছে। সবচেয়ে বেশি আক্রান্ত হওয়ার ঘটনা ঘটেছে মহারাষ্ট্রে। এরপরেই কেরালা রাজ্য দ্বিতীয় স্থানে রয়েছে। পরিস্থিতি বিবেচনায় বেশ কয়েকটি রাজ্য করোনাকে মহামারী হিসেবে ঘোষণা করেছে এবং কিছু শহরে ১৪৪ ধারা জারি করা হয়েছে।

বিহারে ৪ জেলায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। মধ্য প্রদেশের উজ্জয়নিতে ১৪৪ ধারা করা হয়েছে। মহারাষ্ট্রের মুম্বাই পুলিশ দেশি-বিদেশি পর্যটকদের সফর বন্ধ করতে ১৪৪ ধারা জারি করেছে।

শরীরের তাপ মাপা হচ্ছে

দিল্লিতে ৭, হরিয়ানা ১৪, কেরালা ২২, রাজস্থান ৪, তেলেঙ্গানা ৩, উত্তর প্রদেশ ১২, লাদাখ ৩, তামিলনাড়ু ১, জম্মু-কাশ্মীর ২, পাঞ্জাব ১। কর্ণাটক ৬, মহারাষ্ট্র ৩২ এবং অন্ধ্র প্রদেশে ১ জনের মধ্যে করোনা সংক্রমণের ঘটনা ঘটেছে। এদের মধ্যে কর্ণাটক ও দিল্লিতে ২ জনের মৃত্যু হয়েছে। একইসঙ্গে আক্রান্তদের মধ্যে ১১ জন সুস্থ হয়েছেন।

করোনা সমস্যাজনিত কারণে বিভিন্ন রাজ্যের পক্ষ থেকে বিশেষ হেল্পলাইন চালু করা হয়েছে। দিল্লি, হরিয়ানা, উত্তরাখণ্ড ও কেরালা সরকার করোনাকে মহামারী হিসেবে ঘোষণা করেছে।

কেন্দ্রীয় সরকার এরইমধ্যে পরিস্থিতি মোকাবিলায় ভারত-বাংলাদেশ, ভারত-নেপাল, ভারত-মিয়ানমার ও ভারত-ভুটান সীমান্ত দিয়ে যাত্রীদের যাতায়াত স্থগিত করেছে। ১৬ মার্চ থেকে ভারত-পাকিস্তান সীমান্ত দিয়ে যাত্রীদের যাতায়াত বন্ধ থাকবে।

দেশের বিভিন্ন রাজ্যে স্কুল, কলেজ, সিনেমা হল, সুইমিং পুল, শপিং মল ইত্যাদি বন্ধ রাখা হয়েছে।

করোনা আতঙ্কে যাত্রীরা বিগত ১২ দিনে রেলের টিকিট বাতিল করায় রেলওয়ে কর্তৃপক্ষের কমপক্ষে ৮৫ কোটি টাকা ক্ষতি হয়েছে। ১২ মার্চ পর্যন্ত ১২ লাখ ২৯ হাজার যাত্রী তাদের টিকিট বাতিল করেছেন।#

পার্সটুডে/এমএএইচ/এআর/১৫