করোনায় এবার মহারাষ্ট্রে একজনের মৃত্যু, স্বেচ্ছায় কোয়ারেন্টাইনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী
-
চেন্নাইয়ের একটি রেলস্টেশনের বাইরে মাস্ক পরে দাঁড়িয়ে আছেন কয়েকজন যাত্রী।
ভারতের মহারাষ্ট্রে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আরও একজন মারা গেছেন। এ নিয়ে দেশটিতে প্রাণঘাতী এ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে তিন জনে পৌঁছল। এর আগে দিল্লিতে একজন এবং কর্নাটকের কলবুর্গিতে একজনের মৃত্যু হয়। তাঁদের দু’জনেই বিদেশভ্রমণ করেছিলেন।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে ভারতের গণমাধ্যমে বলা হয়েছে, গত ৮ মার্চ দুবাই থেকে ফেরা ৬৪ বছর বয়সী ওই ব্যক্তি করোনাভাইরাসের লক্ষণ নিয়ে প্রথমে মুম্বাইয়ের হিন্দুজা হাসপাতালে ভর্তি হয়েছিলেন। অবস্থার অবনতি হওয়ায় তাঁকে কস্তুরবা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেই তার মৃত্যু হয়েছে।
খবরে আরও বলা হয়েছে, শুধু ওই বৃদ্ধই নন, তাঁর স্ত্রী এবং ছেলেরও করোনাভাইরাসে আক্রান্ত।
এদিকে, যেসব মানুষের শরীরে করোনা ভাইরাস সংক্রমণের লক্ষণ দেখা দিয়েছে তাঁদের আপাতত 'হোম কোয়ারান্টাইন' করে রাখার সিদ্ধান্ত নিয়েছে মহারাষ্ট্র সরকার। এই ব্যক্তিদের আলাদা করে চিহ্নিত করে রাখতে তাদের বাঁ হাতে একটি বিশেষ ‘স্ট্যাম্প’ দেওয়ার মতো নজিরবিহীন সিদ্ধান্তও নিয়েছে রাজ্যে সরকার।
মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ টোপ জানিয়েছেন, ভোট দেওয়ার পর ভোটারদের হাতে যে কালি লাগানো হয়, ওই কালি দিয়েই করোনা লক্ষণ যুক্ত ব্যক্তিদের বাঁ হাতে একটি স্ট্যাম্প করে দেওয়া হবে। যাতে সহজেই তাঁকে চিহ্নিত করা যায়।
এদিকে, ভারতে এখন পর্যন্ত ১২৫ জন করোনাভাইরাস আক্রান্ত রোগী চিহ্নিত হয়েছে বলে নিশ্চিত করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
অন্যদিকে, কেন্দ্রীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী ভি মুরলিধরন স্বেচ্ছায় কোয়ারেন্টাইন করার সিদ্ধান্ত নিয়েছেন। সম্প্রতি তিনি কেরলের একটি হাসপাতালে গিয়েছিলেন। ওই হাসপাতালের এক চিকিৎসক বিদেশে গিয়েছিলেন। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ সেই তথ্য গোপন করেছিলেন বলে অভিযোগ উঠেছে। পরে তাঁর করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়ে।#
পার্সটুডে/আশরাফুর রহমান/১৭