করোনা মোকাবিলায় লকডাউন
এই ২১ দিন সামলাতে না পারলে ভারত ২১ বছর পিছিয়ে যাবে: মোদি
-
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে ‘জনতা-কারফিউ’র পর এবার ২১ দিন লকডাউনের ঘোষণা দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ (মঙ্গলবার) ভারতের প্রধানমন্ত্রী জাতির উদ্দেশে ভাষণে তিনি এ ঘোষণা দেন। ঘোষণা অনুযায়ী- আজ মধ্যরাত থেকে ভারতের প্রতিটি রাজ্যে ও জেলায় লকডাউন কার্যকর হবে।
দেশবাসীর উদ্দেশে নরেন্দ্র মোদি বলেন, ‘সংক্রমণ ঠেকাতে আগামী তিন সপ্তাহ ভারতজুড়ে লকডাউন থাকবে। যদি আমরা এই ২১ দিনকে সামলাতে না পারি তাহলে দেশ ২১ বছর পিছিয়ে যাবে। অনেক পরিবার চিরকালের জন্য ধ্বংস হয়ে যাবে।''’
লকডাউন কার্যকর করতে জনগণের প্রতি আহ্বান জানিয়ে নরেন্দ্র মোদি আরও বলেন, ‘ভারতের প্রধানমন্ত্রী হিসাবে নয়, আপনাদের পরিবারের একজন সদস্য হিসেবে অনুরোধ করছি, এই তিন সপ্তাহ বাইরের জীবন ভুলে যান। এই সময়ে যে যেখানে রয়েছেন, সেখানেই থাকুন। প্রতিটি ভারতীয়, প্রত্যেক পরিবারকে বাঁচানোই আমাদের প্রধান লক্ষ্য।’
সবাইকে সতর্ক হওয়ার আহ্বান জানিয়ে মোদি বলেন, ‘কিছু মানুষের ভুল সিদ্ধান্তের ফলে বহু মানুষের জীবনে বিপদ ডেকে আনতে পারে। কিছু মানুষ ভাবছেন, সামাজিক দূরত্ব বজায় রাখা শুধুমাত্র আক্রান্তদের জন্যই প্রয়োজন, এই ধারণা ভুল। প্রত্যেক পরিবারের জন্য এই দূরত্ব প্রয়োজন। করোনা থেকে বাঁচার আর কোনও উপায় নেই।’
প্রধানমন্ত্রী বলেন, ‘বিশেষজ্ঞরা বলছেন, এই বিশ্বব্যাপী মহামারি থেকে রক্ষা পাওয়ার একটাই উপায়, তা হলো সামাজিক দূরত্ব বজায় রাখা। করোনাভাইরাস এতো দ্রুতহারে বাড়ছে যে, সব রকম ব্যবস্থা থাকা সত্ত্বেও পরিস্থিতি সামাল দিতে পারছে না বিশ্বের ক্ষমতাধর দেশগুলো। ভারতবাসী দেখিয়েছেন, যখন দেশ এবং মানবতার সংকট নেমে আসে, তখন কীভাবে একজোট হয়ে পরিস্থিতির মোকাবিলা করা যায়।’
ভারতের প্রধানমন্ত্রী বলেন, দেশের স্বাস্থ্য পরিষেবাকে মজবুত করতে আজ ১৫ হাজার কোটি টাকা বরাদ্দ করেছে সরকার। এতে আইসোলেশশন বেড, আইসিইউ, ভেন্টিলেটরের সংখ্যা বাড়ানো যাবে। এরই সঙ্গে মেডিক্যাল এবং প্যারামেডিক্যাল প্রশিক্ষণের কাজও গতি পাবে।
ভারতে এ পর্যন্ত ৫১৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ ভাইরাসে আক্রান্ত হয়ে দেশটিতে ১০ জনের মৃত্যু খবর পাওয়া গেছে। ভাইরাসটির বিস্তার ঠেকাতে নানা পদক্ষেপ গ্রহণ করেছে সেদেশের সরকার। এর আগে বিশেষ কয়েকটি ক্যাটাগরি ছাড়া সব রকমের ভিসা বাতিল করে দেশটি। করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে ৩১ মার্চ পর্যন্ত যাত্রীবাহী ট্রেন চলাচলও বন্ধ করে ভারত।#
পার্সটুডে/আশরাফুর রহমান/২৪
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।