করোনা মোকাবিলায় ১ লাখ ৭০ হাজার কোটি টাকার প্যাকেজ ঘোষণা করল ভারত
https://parstoday.ir/bn/news/india-i78596-করোনা_মোকাবিলায়_১_লাখ_৭০_হাজার_কোটি_টাকার_প্যাকেজ_ঘোষণা_করল_ভারত
ভারতের কেন্দ্রীয় সরকার করোনাজনিত উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় ১ লাখ ৭০ হাজার কোটি টাকার প্যাকেজ ঘোষণা করেছে। প্রধানমন্ত্রী গরিব কল্যাণ প্রকল্পের আওতায় এতদিন ৮০ কোটি মানুষ প্রতিমাসে বিনামূল্যে ৫ কেজি চাল অথবা গম পেতেন। এবার আগামী তিনমাস তাদেরকে অতিরিক্ত আরও ৫ কেজি চাল অথবা গম এবং অতিরিক্ত এক কেজি ডাল দেওয়া হবে।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
মার্চ ২৬, ২০২০ ১৪:৫৫ Asia/Dhaka
  • অর্থমন্ত্রী নির্মলা সীতারামন
    অর্থমন্ত্রী নির্মলা সীতারামন

ভারতের কেন্দ্রীয় সরকার করোনাজনিত উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় ১ লাখ ৭০ হাজার কোটি টাকার প্যাকেজ ঘোষণা করেছে। প্রধানমন্ত্রী গরিব কল্যাণ প্রকল্পের আওতায় এতদিন ৮০ কোটি মানুষ প্রতিমাসে বিনামূল্যে ৫ কেজি চাল অথবা গম পেতেন। এবার আগামী তিনমাস তাদেরকে অতিরিক্ত আরও ৫ কেজি চাল অথবা গম এবং অতিরিক্ত এক কেজি ডাল দেওয়া হবে।

আজ (বৃহস্পতিবার) কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এবং অর্থ দফতরের প্রতিমন্ত্রী অনুরাগ ঠাকুর যৌথভাবে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা করেন। অর্থমন্ত্রী করোনা আক্রান্তদের সেবায় নিযুক্ত ডাক্তার এবং স্বাস্থ্যকর্মীদের জন্য আগামী তিন মাস মাথাপিছু ৫০ লাখ টাকার বীমার ঘোষণাও দেন।

অর্থমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার আওতায় আগামী তিন মাসের জন্য দরিদ্র সীমার নীচে থাকা পরিবারগুলোকে বিনামূল্য রান্নার গ্যাসের সিলিন্ডার দেওয়া হবে। জনধন অ্যাকাউন্ট থাকা নারীদের আগামী তিন মাসের জন্য ৫০০ টাকা করে দেওয়া হবে। এতে ২০ কোটি নারী উপকৃত হবেন। ষাট বছরের বেশি বয়সী ব্যক্তি, বিধবা এবং প্রতিবন্ধীদের অতিরিক্ত ১ হাজার টাকা করে দেওয়া হবে প্রতিমাসে। দু’দফার কিস্তিতে এই টাকা পাওয়া যাবে। একশ’ দিনের কাজের প্রকল্পের আওতায় শ্রমিকদের পারিশ্রমিক বাড়িয়ে ২০২ টাকা করে দেওয়ার ঘোষণাও দেওয়া হয়েছে।

রাহুল গান্ধী এমপি

কেন্দ্রীয় সরকারের ওই ঘোষণাকে প্রধান বিরোধীদল কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী এমপি ‘সঠিক দিশায় প্রথম পদক্ষেপ’ বলে অভিহিত করেছেন। তিনি বলেন, লকডাউনের জন্য কৃষক, শ্রমিক, নারী ও সিনিয়ররা সমস্যায় পড়েছেন। তাদের অবশ্যই সাহায্য করা উচিত।

পশ্চিমবঙ্গের সাবেক মন্ত্রী ও সিপিএম নেতা সূর্যকান্ত মিশ্র কেন্দ্রীয় সরকারের ওই ঘোষণাকে সম্পর্কে বলে, ‘যতটুকু যা ইতিবাচক হচ্ছে আমরা তাঁকে স্বাগত জানাচ্ছি। কিন্তু আমাদের প্রত্যেকদিন পরিস্থিতির পরিবর্তন হচ্ছে। এটা একদিনের ব্যাপার নয়। এটা চালু রাখতে হবে এবং পরিস্থিতি অনুযায়ী রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার ও সাধারণ মানুষকে যেকোনো পরিস্থিতির জন্য তৈরি থাকতে হবে।’#

পার্সটুডে/এমএএইচ/এআর/২৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।