করোনা মোকাবিলায় লকডাউন ছাড়া আর কোনো উপায় ছিল না: মোদি
https://parstoday.ir/bn/news/india-i78661-করোনা_মোকাবিলায়_লকডাউন_ছাড়া_আর_কোনো_উপায়_ছিল_না_মোদি
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি করোনাভাইরাস মোকাবিলায় লকডাউনজনিত সমস্যায় ক্ষমা প্রার্থনা করেছেন। তিনি আজ (রোববার) রেডিওতে ‘মন কি বাত’ বা মনের কথা অনুষ্ঠানে এ সংক্রান্ত মন্তব্য করেন।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
মার্চ ২৯, ২০২০ ১২:৫৬ Asia/Dhaka
  • নরেন্দ্র মোদি
    নরেন্দ্র মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি করোনাভাইরাস মোকাবিলায় লকডাউনজনিত সমস্যায় ক্ষমা প্রার্থনা করেছেন। তিনি আজ (রোববার) রেডিওতে ‘মন কি বাত’ বা মনের কথা অনুষ্ঠানে এ সংক্রান্ত মন্তব্য করেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘লকডাউনের জেরে যেভাবে মানুষের সমস্যা হচ্ছে তাতে আমি ক্ষমাপ্রার্থী। কিন্তু আমাদের একসঙ্গে লড়াই করতে হবে। লকডাউন করা ছাড়া আর কোনো উপায় ছিল না। করোনা এখন সমাজের সবক্ষেত্রের মানুষের কাছে বড় চ্যালেঞ্জ। সেজন্য গোটা মানবজাতিকে একজোট হয়ে লড়াই করতে হবে।’

তিনি বলেন, ‘কিছু মানুষ মনে করছেন লকডাউন মেনে অন্যের উপকার করছেন। কিন্তু আসলে তারা নিজেদেরই ভালো করছেন। কিছু মানুষ লকডাউন অমান্য করে শুধু নিজের ক্ষতি করছেন না, অন্যেরও ক্ষতি করছেন। বিষয়টি সাধারণ ভাবলে এরথেকে বড় ভুল আর কিছু হবে না।’

পশ্চিমবঙ্গে লকডাউন

করোনাভাইরাসের ভয়াবহতা সম্পর্কে সবাইকে সতর্ক করে দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘করোনা ধনী-গরিব, সবল-দুর্বল সবার জন্য একটা চ্যালেঞ্জ। এ কোনও দেশ-কালের সীমানা মানে না, কোনও ধর্মের ভেদাভেদও মানে না। গোটা মানবজাতির জন্য সংকটময় পরিস্থিতি। একজোট হয়ে করোনাকে হারাতেই হবে।’

তিনি বলেন, ‘করোনা আক্রান্ত হলেই ভয় পাওয়ার কিছু নেই, চিকিৎসায় সুস্থ হওয়া সম্ভব। সঠিকভাবে নিয়ম পালন করলে দেশ বাঁচবে। কয়েকটি জায়গায় হোম কোয়ারেন্টিনে থাকা কিছু মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করা হচ্ছে। এই ঘটনা খুবই দুর্ভাগ্যজনক। প্রত্যেকের উচিত তাদের সঙ্গে সহযোগিতা করা।’

‘সামাজিক দূরত্ব মানে মানসিক দূরত্ব নয়, এটা মনে রাখা দরকার। সামাজিক দূরত্ব বাড়ান, মানসিক দূরত্ব কমান। প্রত্যেক ভারতীয়র ধৈর্যই এই লড়াইয়ে আমাদের জয়ী করবে’ বলেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মন্তব্য করেন।

পার্সটুডে/এমএএইচ/এআর/২৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।