পশ্চিমবঙ্গে লকডাউনের মধ্যে জরুরি পরিসেবা চালু থাকবে : মমতা
-
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
ভারতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, রাজ্যে লকডাউনের মধ্যে জরুরি পরিসেবা চালু থাকবে। তিনি আজ (সোমবার) করোনা ভাইরাস মোকাবিলা সংক্রান্ত বিষয়ে রাজ্য সচিবালয় নবান্নে বিভিন্ন কর্মকর্তাদের সঙ্গে আলোচনার সময় এ তথ্য জানান।
মমতা বলেন, ‘সারা দেশের সঙ্গে আমাদের বাংলায় লকডাউন আছে। লকডাউন থাকবে কেন্দ্রীয় সরকার যেহেতু ঘোষণা করেছে। কেন্দ্রীয় সরকারের ওই আইন দেশের জন্য করা হয়েছে। সবাইকে ওই আইন মেনে চলতে হবে। কিন্তু লকডাউনের মধ্যেও স্বাভাবিক যে চাহিদা, মানুষের স্বাভাবিকভাবে যেটা প্রয়োজন তা নিয়ে যাতে মানুষ কোনও সমস্যায় না পড়ে এজন্য আমাদের জরুরি পরিসেবা, মুদির দোকান থেকে শুরু করে, বাজারগুলো চালু থাকবে। আপনারা ভিড় করবেন না। দূরত্ব বজায় রেখে যেভাবে আপনারা জিনিষপত্র কিনছেন সেভাবে কেনাকাটা করবেন কোনও অসুবিধা হবে না।’
করোনা মোকাবিলায় চিকিৎসা ক্ষেত্রের প্রয়োজনীয় উপকরণ কেন্দ্রীয় সরকারের কাছে চেয়ে পাওয়া যাচ্ছে না বলে মুখ্যমন্ত্রী জানান। তিনি বলেন, ‘চেয়ে চেয়ে মুখে ব্যথা হয়ে যাচ্ছে। আমরা মাত্র ৬/৭ দিনের মধ্যে তিনশো ভেন্টিলেটর অর্ডার দিয়েছি।’ জরুরীকালীন পরিস্থিতির জন্য বিভিন্ন উপকরণ মজুদও রাখতে হচ্ছে বলে তিনি জানান।
করোনা ইস্যুতে ভুয়া সংবাদের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বলেন, ‘ফেক নিউজ যারা করছে তাঁদের বিরুদ্ধে পুলিশ কঠোর ব্যবস্থা নেবে। সম্ভবত তেলেঙ্গানা হাসপাতালের একটা ঘটনা কোলকাতার ফেকবুকে ঘুরে বেড়াচ্ছে! এটা কোলকাতায় ঘটেছে বলে চালানো হচ্ছে! আমরা খোঁজ নিয়ে জানতে পারি বিষয়টি তেলেঙ্গানার। এটা মাথায় রাখতে হবে।’
তিনি বলেন, ‘ডাক্তার যাকে কোয়ারেন্টাইনে থাকতে বলবে তাঁরা কঠোরভাবে তা পালন করবেন। পালন না করলে কেন্দ্রীয় সরকারের আইন অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করা হলে কিন্তু অনেক বড় শাস্তি হবে। সেজন্য সবাইকে হাতজোড় করে বলব ১৪ টা দিন দেখতে দেখতে চলে যাবে।‘
মুখ্যমন্ত্রী তার বক্তব্যে চিকিৎসকদের পরামর্শ মেনে চলতে সকলের প্রতি অনুরোধ জানান।#
পার্সটুডে/এমএএইচ/এআর/৩০